Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

নষ্ট হওয়ার আশঙ্কা, গুদামে মজুত চিনি রেশন গ্রাহকদের দেওয়ার সিদ্ধান্ত

৩১ মার্চের পর থেকে অন্ত্যোদয় শ্রেণির (এএওয়াই) কার্ড থাকা রেশন গ্রাহকদের ভরতুকি মূল্যে চিনি দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

নষ্ট হওয়ার আশঙ্কা, গুদামে মজুত চিনি রেশন গ্রাহকদের দেওয়ার সিদ্ধান্ত
  • ২২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৩১ মার্চের পর থেকে অন্ত্যোদয় শ্রেণির (এএওয়াই) কার্ড থাকা রেশন গ্রাহকদের ভরতুকি মূল্যে চিনি দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ওই সময়ের আগে সরবরাহ করা চিনির একাংশ এখনও রাজ্যের খাদ্যদপ্তরের গুদামে মজুত রয়েছে। আড়াই মাসের বেশি সময় ধরে গুদামে  মজুত থাকা ওই  চিনি এখন রেশন গ্রাহকদের দেওয়ার নির্দেশ জারি করল খাদ্যদপ্তর। দপ্তরের অতিরিক্ত সচিবের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, এএওয়াই শ্রেণির গ্রাহকদের ১৩ টাকা ৫০ পয়সা কেজি দরে ওই চিনি দেওয়া হবে। এই শ্রেণির গ্রাহকরা মাসে পরিবার পিছু ১৩ টাকা ৫০ পয়সা দরে ১ কেজি করে চিনি পেতেন। রেশন গ্রাহকদের বিনা পয়সায় চাল-গম দেওয়া হলেও চিনির জন্য বাজারদরের থেকে কম টাকা দিতে হত।  খুব গরিব হলে তাদের এএওয়াই শ্রেণির কার্ড দেওয়া হয়। অনেক বছর ধরে চলার পর কেন ৩১ মার্চের পর চিনি দেওয়া বন্ধ করা হল, তা কেন্দ্রীয় সরকার জানায়নি।  খাদ্যদপ্তরের বিজ্ঞপ্তিতেও উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় সরকারের তরফে চিনি দেওয়া ফের শুরু করার ব্যাপারে কিছুই জানানো হয়নি। এদিকে গুদামে থাকা চিনি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, মজুত চিনির একটা বড়ো অংশ ইতিমধ্যে নষ্ট হয়ে গিয়েছে বলে তাঁদের আশঙ্কা। চিনির গুণগত মান ভালোভাবে যাচাই করে যাতে রেশন ডিলাররা নেন ও গ্রাহকদের দেন, তার জন্য বলা হয়েছে। খাদ্যদপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, জুন মাস থেকে হঠাৎ আটার পরিবর্তে গম দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ৭২০৮ টন আটা মজুত অবস্থায় নষ্ট হয়ে যাচ্ছে। ওই আটা সম্ভবত পশুখাদ্য হিসাবে ব্যবহার করা হবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ