Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তারাতলা কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৯ , গ্রেপ্তার ৫

কলকাতার তারাতলা কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৯। উদ্ধার কাজ চলছে, গ্রেপ্তার ৫ জন। ঘটনাটি কেন গুরুত্বপূর্ণ? বিস্তারিত জানুন।

তারাতলা কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৯ , গ্রেপ্তার ৫
  • ২৫ জুন, ২০২৬ ১১:২৪
Prefer us on Google

কলকাতা: একদিকে সেনা জওয়ান অন্যদিকে এনডিআরএফ, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, কলকাতা পুলিশ এবং দমকলের মিলিত প্রচেষ্টায় যুদ্ধকালীন তৎপরতায় গতকাল থেকেই চলছে তারাতলায় ভেঙে পড়া শেডের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের কাজ। শেষ খবর পাওয়া পর্যন্ত ইতিমধ্যে ২৯ জনকে বের করে আনা হয়েছে ধ্বংসস্তূপ থেকে। যার মধ্যে  নয় জনকে এখনও পর্যন্ত মৃত বলে ঘোষণা করা হয়েছে। উদ্ধার হওয়া সব শ্রমিককেই নিয়ে যাওয়া হচ্ছে এসএসকেএম হাসপাতালে। বৃহস্পতিবার সকালে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে পাঁচ জনকে। উদ্ধারকারী দলের দাবি ধ্বংসস্তূপে আটকে রয়েছেন আরো বেশ কয়েকজন। তাদের সন্ধান চালাতে সেনাবাহিনী ব্যবহার করছে অত্যাধুনিক যন্ত্রপাতি। গতকাল দুর্ঘটনার পর থেকেই সন্ধান চালানো হচ্ছিল এই গোডাউন তৈরির বরাত পাওয়া ঠিকাদার আসগার হুসেইনের। বৃহস্পতিবার সকালে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয় তার দেহও। অন্যদিকে পোর্ট ট্রাস্ট এর কাছ থেকে এই জমি গোডাউন তৈরির জন্য লিজ নিয়েছিলেন শম্ভুনাথ বেহেরা। তাকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে আরও চার জনকে। 

Advertisement

দুর্ঘটনায় মৃতদের তালিকায় নাম থাকা সাহিল সর্দার এই গোডাউনে কাজ করত না। এখানে কাজ করতো তার মামাতো ভাই। তার সঙ্গে দেখা করতেই বুধবারই আসে কাকদ্বীপের সাহিল। প্রথমবার কলকাতায় এসে আর বাড়ি ফেরা হলো না ১৭ বছরের কিশোরের।

 অন্যদিকে কাটোয়ার গাজীপুর থেকে শ্রমিকের কাজে এসেছিলেন রোহিত চৌধুরী। নির্মীয়মান শেডের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয় কুড়ি বছরের রোহিতের নিথর দেহ। গাজীপুরের চৌধুরীপাড়ায় খবর পৌঁছতেই কান্নার রোল পড়ে যায় বাড়িতে। মাত্র দেড় মাস আগে নির্মাণ সংস্থার কাজে যোগ দিয়েছিলেন রোহিত।

Advertisement
সম্পর্কিত সংবাদ