নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মহারাষ্ট্রে কাজে যাওয়া জলপাইগুড়ির রাজগঞ্জের বিন্নাগুড়ি পঞ্চায়েত এলাকার এক পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু। মোবাইলে এল রক্তমাখা দেহের ছবি! যে ছবি দেখে মৃতের পরিবারের দাবি, দীপু দাস (২৮) নামে ওই শ্রমিকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এমনকী ধারাল অস্ত্রের দাগ রয়েছে তাঁর গলায়। এই ঘটনায় ব্যাপক আলোড়ন ছড়িয়েছে এলাকায়। বাংলা বলায় বিজেপি নেতৃত্বাধীন সরকার শাসিত মহারাষ্ট্রে ওই শ্রমিককে পিটিয়ে খুন করা হতে পারে বলে সন্দেহপ্রকাশ করেছেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। এই নিয়ে উচ্চপর্যায়ের তদন্তের দাবি তুলেছেন তিনি। বিষয়টি নিয়ে কথা বলেছেন রাজ্যের পুলিস ও প্রশাসনের কর্তাদের সঙ্গে। পাশাপাশি তৃণমূলের রাজ্য নেতৃত্বকে গোটা ঘটনাটি জানিয়েছেন বিধায়ক। এদিকে, ঘটনায় তদন্তের দাবিতে পুলিসের দ্বারস্থ হয়েছে মৃতের পরিবার।



