নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: গোঘাটের মান্দারণ গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর গ্রামে স্ত্রী ও শ্যালককে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছিল স্বামীর বিরুদ্ধে। গত কয়েকদিন ধরে অগ্নিদগ্ধ অবস্থায় তাঁরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। কিন্তু, শেষ রক্ষা হল না। ১০ দিনের মাথায় সোমবার রাতে ও মঙ্গলবার সকালে মারা গেলেন ভাই-বোন। কলকাতার পিজি হাসপাতালে সোমবার রাতে বধূর ভাই দেবদাস পণ্ডিত (১৫) এবং মঙ্গলবার সকালে অভিযুক্তের স্ত্রী লক্ষ্মী রিতপণ্ডিত(১৯) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঘটনার খবর গ্রামে ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে।



