Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বেপরোয়া টোটোর ধাক্কায় চার বছরের শিশুর মৃত্যু

অনুষ্ঠান বাড়িতে এসে বেপরোয়া টোটোর ধাক্কায় মৃত্যু হল চার বছরের এক শিশুর। তপন ব্লকের চকসাথীহার থেকে গুরুতর জখম শিশুকে সেই টোটো করেই আনা হয় বালুরঘাট জেলা হাসপাতালে।

বেপরোয়া টোটোর ধাক্কায় চার বছরের শিশুর মৃত্যু
  • ১০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পতিরাম: অনুষ্ঠান বাড়িতে এসে বেপরোয়া টোটোর ধাক্কায় মৃত্যু হল চার বছরের এক শিশুর। তপন ব্লকের চকসাথীহার থেকে গুরুতর জখম শিশুকে সেই টোটো করেই আনা হয় বালুরঘাট জেলা হাসপাতালে। কিন্তু বাঁচানো যায়নি। ঘটনায় শোকের ছায়া নেমে আসে চকসাথীহারে। মৃত শিশুর পরিবারের ক্ষোভের মুখে পড়েন টোটোচালক। তবে উত্তেজিত জনতা টোটোচালককে মারধর করার আগেই পুলিস তাঁকে আটক করে বালুরঘাট থানায় নিয়ে যায়। 

Advertisement

পুলিস সূত্রে খবর, মৃত ওই শিশুর নাম অনুপ কিস্কু (৪)। বাবার নাম বিকাশ কিস্কু। বাড়ি তপন থানার আউটিনা গ্রাম পঞ্চায়েতের পানলাহারে। ওই শিশু দিদার সঙ্গে তপন ব্লকের চকসাথীহারে এসেছিল একটি শ্রাদ্ধ অনুষ্ঠানে। রাস্তা পার হওয়ার সময় শিশুটিকে ধাক্কা মারে বালুরঘাটগামী ওই টোটোটি। জখম শিশুটিকে ওই টোটোতেই বালুরঘাট জেলা হাসপাতালে আনা হয়। যদিও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠে মৃত শিশুর পরিজনরা। এবিষয়ে বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস বলেন, ওই টোটো চালককে আটক করা হয়েছে।
মৃত শিশুর এক আত্মীয় বিজয় মুর্মু বলেন, আমরা টোটোচালকের শাস্তি চাই। থানায় লিখিত অভিযোগ দায়ের করব। 
দক্ষিণ দিনাজপুর জেলায় জাতীয় ও রাজ্য সড়কে টোটোর দৌরাত্ম্য নতুন বিষয় নয়। মাস চারেক আগে বালুরঘাট হাসপাতাল মোড়েও টোটোর ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়। গত বছর বালুরঘাটের মাহিনগরের এক শিশুর প্রাণ গিয়েছিল টোটোর ধাক্কায়। এদিন স্থানীয়রা অভিযোগ করে বলেন, রাজ্যসড়কে যাত্রী নিয়ে ওই টোটোটি বেপরোয়া গতিতে ছুটছিল।  রাজ্য ও জাতীয় সড়কে টোটোর দৌরাত্ম্য রুখতে পুলিস ও প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি তুলেছেন স্থানীয়রা। দক্ষিণ দিনাজপুর জেলার আরটিও সজল কুমার মণ্ডল বলেন, টোটোর বিধিনিষেধ নিয়ে একটা পরিকল্পনা চলছে। জাতীয় ও রাজ্য সড়কে টোটো ওঠার বিষয়টি খতিয়ে দেখছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ