নিজস্ব প্রতিনিধি, বারাসত: স্বাধীনতা দিবসে এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক প্রবীণ শিক্ষকের। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের মল্লিকপুরে। মৃতের নাম মনোয়ার হোসেন (৬১)। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। শুক্রবার, স্বাধীনতা দিবসের সকালে ওই শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করছিলেন শিক্ষক মনোয়ার হোসেন। পতাকাটি লাগানো হয়েছিল এই বড় লোহার পাইপের মাথায়। সেই লোহার পাইপ কোনওভাবে বিদ্যুতের হাইটেনশন তারের সংস্পর্শে আসতেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাঁকে দ্রুত হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মনোয়ার হোসেনের বাড়ি হাড়োয়া থানার বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের ঝিনকিয়া গ্রামে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাড়োয়া থানার পুলিস বসিরহাট হাসপাতালে পাঠিয়েছে। পুলিস অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।



