মিলছে না মৃত্যু শংসাপত্র, ৫ মাস পেনশন বন্ধ  থাকায় ফাঁপরে সরকারি কর্মচারীদের পরিবার
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: সুন্দরবন এলাকার বিভিন্ন পঞ্চায়েত ও পুরসভা থেকে মিলছে না মৃত্যু শংসাপত্র। গত প্রায় পাঁচ মাস ধরে চলছে এই সমস্যা। জয়নগর-মজিলপুর পুরসভা, কুলতলি- মন্দিরবাজার, জয়নগর ১ ও জয়নগর ২ নম্বর, মন্দিরবাজার, মথুরাপুর ১ নম্বর ব্লকের কোনো পঞ্চায়েত থেকে মিলছে না মৃত্যুর শংসাপত্র। 

Advertisement

বারুইপুর পুরসভাতেও একই অবস্থা বলে খবর। ফলে এই সময়কালে যেসব সরকারি পেনশন প্রাপকের মৃত্যু হয়েছে, পরবর্তী সময়ে তাঁদের পরিবার পেনশন পাওয়ার যোগ্য হলেও তা মিলছে না। একাধিক পরিবার এর জন্য বিস্তর সমস্যায় পড়ছে। অনেক পরিবারে পেনশনের টাকা থেকেই দৈনন্দিন বাজার খরচ, ওষুধের খরচ ইত্যাদি চলে। তারা খুবই সমস্যায় পড়েছে। কবে সমস্যার সমাধান মিলবে, জানতে হন্যে হয়ে ঘুরছেন তাঁদের পরিবারের সদস্যরা। জয়নগর-মজিলপুর পুরসভার চেয়ারম্যান সুকুমার হালদার বলেন, ‘বারুইপুর মহকুমা প্রশাসন থেকেই মৃত্যুর শংসাপত্র ইস্যুর অনুমতি দেওয়া হয়নি।’ দক্ষিণ বিষ্ণুপুর পঞ্চায়েতের এক আধিকারিক বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেই।’ 
জয়নগর-মজিলপুর পুরসভা এলাকার বাসিন্দা আভিজাত্য ভট্টাচার্য বলেন, ‘আমার বাবা আগস্ট মাসে মারা গিয়েছে। এরপর বার্নিং ঘাটের শংসাপত্র সহ আবেদন পুরসভায় জমা করলেও মৃত্যুর শংসাপত্র দেওয়া হয়নি। মায়ের শরীর খারাপ। ওষুধ কিনতে পারছি না।’ এই পুরসভারই বাসিন্দা কুসুমকুমারী দাস বলেন, ‘পাঁচ মাস পেনশন না পেয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছি। ট্রেজারি অফিসে স্বামীর মৃত্যুর শংসাপত্র না জমা পড়লে পেনশন পাব কী করে?’ মন্দিরবাজারের দক্ষিণ বিষ্ণুপুর পঞ্চায়েতের শম্ভু কয়ালের পরিবার জানাচ্ছে, পঞ্চায়েত থেকে মৃত্যুর শংসাপত্র না দিয়েই ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের। 
সুন্দরবন অঞ্চল গভর্নমেন্ট পেনশনার অ্যাসোসিয়েশনের সভাপতি লালমোহন ভট্টাচার্য বলেন, ‘সুন্দরবন এলাকার প্রায় ১৭ জন সরকারি কর্মচারীর পরিবার জুলাই মাস থেকে প্রাপ্য পেনশন পাচ্ছেন না। কারণ, মৃত্যু শংসাপত্র না মেলায় তাঁরা আবেদনই করতে পারছেন না। পুরসভাকে জানানো হলে তারা বলছে, বারুইপুর মহকুমা প্রশাসন জানে। আবার বারুইপুর মহকুমা প্রশাসন বলছে, নবান্ন থেকে অনুমতি আসেনি। অনেকবার আবেদন করা হয়েছে এ ব্যাপারে।’