নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভুয়ো নম্বরপ্লেট লাগিয়ে বাইক বিক্রির অভিযোগে এক ডিলারকে গ্রেফতার করল কসবা থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি এক ব্যক্তি কসবা ট্রাফিক গার্ডে অভিযোগ করে জানান, তিনি বাইক না বের করলেও পরপর তিনদিন বিনা হেলমেটে চালানোর অভিযোগে পুলিশি জরিমানার মেসেজ এসেছে মোবাইলে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্তকারীরা জানতে পারেন, আসল মালিকের বাইকের নম্বরপ্লেট নকল করে রাস্তায় চলছে একটি ই-স্কুটার। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ওই স্কুটারের মালিককে আটক করে পুলিশ। জেরায় ওই ব্যক্তি জানান, যে ডিলারের থেকে তিনি স্কুটার কিনেছেন, সে-ই এই নম্বর প্লেট লাগিয়ে স্কুটারটি হ্যান্ডওভার করেছেন। এর পরেই অভিযুক্ত ডিলারকে গ্রেফতার করে কসবা থানার পুলিশ। এই ডিলারের সঙ্গে বড়সড় প্রতারণা চক্রের যোগ রয়েছে বলে অনুমান তদন্তকারীদের। আজ অভিযুক্তকে আলিপুর আদালতে পেশ করা হবে বলে খবর।



