নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রান্নার গ্যাসের গ্রাহকদের ই-কেওয়াইসির জন্য সময়সীমা ২৩ আগস্ট পর্যন্ত বাড়িয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। হাতে আর তিনদিন থাকলেও এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে ২০ লক্ষের বেশি গ্রাহকের ই-কেওয়াইসি বাকি। তেল সংস্থার কর্তারা জানাচ্ছেন, প্রায় ৮৫ শতাংশ গ্রাহক এই কাজ সম্পন্ন করেছেন। বাকিরা ২৩ তারিখের মধ্যে করে নিলে গৃহস্থের দরেই সিলিন্ডার পাবেন তাঁরা। না-হলে বেশি দামে সিলিন্ডার কিনতে হতে পারে তাঁদের। সেই দর কত, তা অবশ্য এখনো ঘোষিত নয়। প্রসঙ্গত, আগে এই সময়সীমা ১৬ আগস্ট পর্যন্ত ছিল। সেইসময়ের মধ্যে বহু গ্রাহকের ই-কেওয়াইসি না-হওয়ায় ২৩ আগস্ট পর্যন্ত সময় বাড়ানো হয়।



