


ফ্লোরিডা: নির্বাসনের কারণে শনিবার সিনসিনাটির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে দলে ছিলেন না তিনি। তবে পরিবারের সঙ্গে ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির ছিলেন লায়োনেল মেসি। তাঁর উপস্থিতিতেই অনুষ্ঠানিকভাবে রডরিগো ডে পলকে দলে নেওয়ার কথা ঘোষণা করল ইন্তার মায়ামি। এদিন ম্যাচের শুরুতে নতুন ক্লাবের জার্সিতে তাঁর আত্মপ্রকাশ ঘটে। এরপর গ্যালারিতে মেসির পাশে বসেই দলের খেলা দেখলেন এই আর্জেন্তাইন মিডিও। মাত্র ৩২ বছর বয়সেই ইউরোপের পাট চুকিয়ে মেজর লিগ সকারে যোগ দিলেন ডে পল। অনেকেই তাঁর এই সিদ্ধান্তে অবাক। উল্লেখ্য, গত দু’মরশুম আতলেতিকো মাদ্রিদের হয়ে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করেন তিনি। তারপরেও কেন ইউরোপ ছেড়ে আমেরিকান লিগে সই? প্রশ্নটা শুনেই ডে পলের সাফ জবাব, ‘মেসির নেতৃত্বে আমি দেশের হয়ে প্রথম ট্রফি জয়ের স্বাদ পাই। হয়েছি বিশ্বচ্যাম্পিয়ন। এবার ক্লাব ফুটবলেও তাঁর সঙ্গে ড্রেসিং-রুম ভাগ করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত। লিওর নেতৃত্বে আরও ট্রফি জিততে চাই। ইন্তার মায়ামির ইতিহাসের অংশ হতে চাই। এই ক্লাবের জার্সি গায়ে চাপানোটা আমার কাছে সৌভাগ্যের। আগামী দিনে দলকে আরও সাফল্য এনে দেওয়াই লক্ষ্য থাকবে।’
এদিকে, মেসির অনুপস্থিতিতে ঘরের মাঠে সিনসিনাটির বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ইন্তার মায়ামি। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে দাপট দেখিয়েও জয় তুলে নিতে ব্যর্থ ডেভিড বেকহ্যামের দল। মূলত গোল করার লোকের অভাবে ভুগতে হল তাদের। এই ড্রয়ের ফলে ২২ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানেই রইল ইন্তার মায়ামি। তবে শীর্ষে থাকা ফিলাফেলডিনার (২৫ ম্যাচে ৫০ পয়েন্ট) চেয়ে তিন ম্যাচ কম খেলেছেন সুয়ারেজরা।