Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

মিশরকে টেক্কা দিতে তৈরি ডি’ব্রুইনের বেলজিয়াম

২০১৮ রাশিয়া বিশ্বকাপ। স্কোয়াডে কেভিন ডি’ব্রুইন, ইডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকু, থিবো কুর্তোয়া, ভিনসেন্ট কোম্পানি। বেলজিয়ামের ফুটবল ইতিহাসের সোনালি প্রজন্ম।

মিশরকে টেক্কা দিতে তৈরি ডি’ব্রুইনের বেলজিয়াম
  • ১৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সিয়াটল: ২০১৮ রাশিয়া বিশ্বকাপ। স্কোয়াডে কেভিন ডি’ব্রুইন, ইডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকু, থিবো কুর্তোয়া, ভিনসেন্ট কোম্পানি। বেলজিয়ামের ফুটবল ইতিহাসের সোনালি প্রজন্ম। সেবার সবাই ভেবে নিয়েছিলেন, এই টিম বিশ্বকাপ জেতার দাবিদার। আশা জাগিয়ে সেমি-ফাইনালেও পৌঁছেছিল লাল জার্সিধারীরা। কিন্তু, শেষ চারে ফ্রান্সের স্যামুয়েল উমতিতির একটি হেডে চুরমার হয়ে যায় বেলজিয়ামের স্বপ্ন। হারের পর কেভিন ডি’ব্রুইনের মাঠে হাঁটু গেড়ে বসে থাকার ছবি এখনও সমর্থকদের হৃদয়কে রক্তাক্ত করে। তারপর ২০২২ কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায়। সোনালি প্রজন্মের হ্যাজার্ড, ভিনসেন্টরা ইতিমধ্যে অবসর নিয়েছেন। তবে এখনও হাল ছাড়েননি ডি’ব্রুইন, লুকাকু, কুর্তোয়া। হতাশা ভুলে ২০২৬ বিশ্বকাপকে স্মরণীয় করার আশায় বুক বাঁধছেন তাঁরা। সেই লক্ষ্যে সোমবার সিয়াটল স্টেডিয়ামে গ্রুপ জি’র ম্যাচে মিশরের বিরুদ্ধে অভিযান শুরু করছে বেলজিয়াম।

Advertisement

মিশরও ছেড়ে কথা বলবে না। সোমবারই ৩৪ বছর বয়সে পা দিচ্ছেন মহম্মদ সালাহ। জয়ের আলোয় সেরা তারকার বিশেষ দিনটিকে স্মরণীয় করতে মরিয়া সতীর্থরা। তবে সালাহের সামান্য চোট আছে। তাই শুরু থেকে তিনি খেলবেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পরিসংখ্যান বলছে, অতীতে এই দুই দল তিনবার মুখোমুখি হয়েছে। তারমধ্যে দু’বারই জিতেছে বেলজিয়াম। অপর ম্যাচটি ড্র। খাতায় কলমে তাই রুডি গার্সিয়ার দলই এগিয়ে থেকে মাঠে নামবে। বেলজিয়ামের প্রধান শক্তি অবশ্যই মাঝমাঠে ডি’ব্রুইনের উপস্থিতি। পক্ষান্তরে, মিশরও রক্ষণ জমাট রেখে প্রতি-আক্রমণে বাজিমাতের আশায় থাকবে। আক্রমণভাগে সালাহর পাশাপাশি ভরসা জোগাচ্ছেন ম্যাঞ্চেস্টার সিটির স্ট্রাইকার মারমৌস। সবমিলিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রেক্ষাপট তৈরি।

Advertisement
সম্পর্কিত সংবাদ