Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দেদার ‘খোকা’ ইলিশ ধরা রুখতে কড়া হচ্ছে প্রশাসন 

দেদার ‘খোকা’ ইলিশ ধরা রুখতে কড়া হচ্ছে প্রশাসন 
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মালদহ: গঙ্গা থেকে ‘খোকা’ বা খুব কম ওজনের ইলিশ ধরার প্রবণতা যেভাবে বাড়ছে, প্রমাদ গুনছে প্রশাসন এবং মৎস্যপ্রেমীরা। এভাবে দেদার ইলিশ ধরা চলতে থাকলে ফরাক্কার গঙ্গায় পরবর্তীতে প্রমাণ সাইজের ইলিশ নাও মিলতে পারে বলে আশঙ্কা দানা বাঁধতে শুরু করেছে। ফরাক্কার গঙ্গা সংলগ্ন মালদহের কালিয়াচক-৩ ব্লকের গঙ্গা তীরবর্তী এলাকাগুলিতে যথেচ্ছ খোকা ইলিশ ধরা হচ্ছে বলে নজরে এসেছে প্রশাসনের। ব্লক প্রশাসন ইতিমধ্যে নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু তাতে কাজ না হওয়ায় এবার নড়েচড়ে বসেছে জেলা প্রশাসনও। মালদহের জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া বলেন, কালিয়াচক-৩ ব্লকের গঙ্গা সংলগ্ন কিছু এলাকায় এই ছোট ইলিশ ধরার বিষয়টি আমাদের নজরে এসেছে। নির্দিষ্ট ওজন ও আয়তনের কম হলে ইলিশ ধরা অপরাধ। এই কাজ বন্ধ করতে পদক্ষেপ নিচ্ছি। মৎস্য দপ্তরের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলা হবে।
Advertisement
মৎস্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে দপ্তরের পক্ষ থেকে কালিয়াচক-৩ ব্লকে গঙ্গার বিভিন্ন ঘাটে সতর্ক করে নোটিস দেওয়া হয়েছে।
স্থানীয় মৎস্যজীবীদের একাংশের বক্তব্য, খুব কম দামে বিক্রি হয় বলে অনেকেই এই ইলিশ কিনে তার স্বাদ নিতে চান। ফলে জেলেদের একাংশ আইনের তোয়াক্কা না করেই খোকা ইলিশ দেদার বিক্রি করছেন। 
উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরামের মালদহ শাখার আহ্বায়ক ইউনিস আলি বলেন, বরাবরই আমরা খোকা ইলিশ ধরা বন্ধ করতে কড়া পদক্ষেপের পক্ষপাতী। এর জন্য নিয়মিত সচেতনতা শিবির করা প্রয়োজন। এবছর এমন শিবির এখনও হয়নি। নির্বিচারে খোকা ইলিশ ধরা চলতে থাকলে পরবর্তীতে  গঙ্গা থেকে প্রমাণ সাইজের এই মাছ পাওয়া দুষ্কর হয়ে উঠবে।
সম্পর্কিত সংবাদ