সংবাদদাতা, কালনা: বাড়িতে মাইক বাজানো নিয়ে দুই ভাইয়ের বিবাদে দাদার গলায় ধারালো অস্ত্রের কোপ মারল ভাই। আশঙ্কাজনক অবস্থায় দাদা বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় পুলিস ভাই লক্ষ্মণ বেসরাকে গ্রেপ্তার করেছে। তার বাড়ি নাদনঘাট থানার ধোবা গ্রামে। ধৃতকে শুক্রবার কালনা মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেন। যদিও হামলায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করতে পারেনি। জানা গিয়েছে, নাদনঘাট থানার ধোবা গ্রামের বাসিন্দা রাম বেসরা ও লক্ষ্মণ বেসরা পাশাপাশি থাকে। বৃহস্পতিবার সকালে বাড়িতে অনুষ্ঠান উপলক্ষ্যে লক্ষ্মণ মাইক বাজাচ্ছিল। দাদা রামবাবু মাইকের আওয়াজ আস্তে করতে বলেন। এই নিয়ে দাদা ও ভাইয়ের মধ্যে বচসা হয়। হঠাৎ লক্ষ্মণ একটি ধারালো অস্ত্র দিয়ে দাদার গলায় কোপ মারে। রামবাবু রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কালনা মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। এই ঘটনায় রামবাবুর পরিবারের পক্ষ থেকে নাদনঘাট থানায় অভিযোগ দায়ের করে।



