সংবাদদাতা, বহরমপুর: দিদির বিয়ের নিমন্ত্রণ করে বাইক করে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভাই ও তাঁর বন্ধুর। সোমবার গভীররাতে পথ দুর্ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার বাসুদেবখালি এলাকায়। পণ্যবাহী কোনও লরির ধাক্কায় তাঁদের মৃত্যু হয়েছে বলে অনুমান পুলিসের। পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অপরজনের। মৃত দুই যুবকের নাম লোকনাথ ঘোষ(২৫) ও প্রলয় মণ্ডল(২৫)। লোকনাথের বাড়ি ভরতপুর থানার শক্তিপুরে। প্রলয় খড়গ্রাম থানার বাতুরের বাসিন্দা। বহরমপুর থানার পুলিস জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে, কোনও গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লেগেছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। জানা গিয়েছে, আগামী ১৩ ফেব্রুয়ারি লোকনাথ ঘোষের দিদির বিয়ের দিন ঠিক হয়েছে। সোমবার সকালে বন্ধু প্রলয়কে বাইকে বসিয়ে নিমন্ত্রণ করতে বেরিয়েছিল। বহরমপুরে আত্মীয়ের বাড়ি নিমন্ত্রণ সেরে দু’জনে বাড়ি ফিরছিলেন। গভীররাতে বাসুবেদকালি এলাকায় দু’জনকে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখে বহরমপুর থানার পেট্রোলিং পুলিস। দু’জনেরই জ্ঞান ছিল না। লোকনাথের মোবাইল থেকে তাঁর বাড়িতে রাত সাড়ে ১২টা নাগাদ দুর্ঘটনার খবর জানায় পুলিস।
Advertisement
দু’জনকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক লোকনাথকে মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার ভোর নাগাদ চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় প্রলয়ের। লোকনাথ ঘোষের মামা শিশির ঘোষ বলেন, ভাগ্নির বিয়ে রয়েছে। ভাগ্না দিদির বিয়ের নিমন্ত্রণ সারছিল। কীভাবে দুর্ঘটনা ঘটল, সেটা আমাদের কাছে এখনও স্পষ্ট নয়।



