নিজস্ব প্রতিনিধি, আসানসোল: পুরসভার আইনি উপদেষ্টার বিরুদ্ধেই উঠল দাদাগিরি করার অভিযোগ। আসানসোল পুরসভার প্রাক্তন কাউন্সিলার তথা বর্তমান আইনি উপদেষ্টা রবিউল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন পেট্রল পাম্প মালিক সুবীর সাহা। সোমবার রাতে তিনি আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ জানান যে, রবিউল ইসলামের নেতৃত্বে একদল গুন্ডা তাঁর পেট্রল পাম্পে চড়াও হয়েছে। এক কর্মীকে মারধরও করা হয়েছে। এর আগেও রবিউল ইসলামের নেতৃত্বে এঘটনা ঘটেছে বলে তাঁর অভিযোগ। পুরসভার আইনি উপদেষ্টা অবশ্য পুরো ঘটনায় পেট্রল পাম্প কর্তৃপক্ষের উপর দোষ চাপিয়েছেন। জিটি রোডের আশ্রয় মোড়ে ইন্ডিয়ান অয়েলের একটি পেট্রল পাম্প রয়েছে। রবিবার সন্ধ্যায় এক তৃণমূল কর্মী সেখানে পেট্রল নিতে আসেন। লাইন দিয়ে পেট্রল নেওয়া নিয়ে কর্মীদের সঙ্গে তাঁর বিবাদ হয়। অভিযোগ, এর পরেই সেই কর্মী ও রবিউল ইসলাম এসে অশান্তি করেন। পেট্রল পাম্প কর্তৃপক্ষ যে সিসি ক্যামেরার ফুটেজ এনেছে, তাতে দেখা যাচ্ছে, পাম্পের এক কর্মীকে চড় মারা হচ্ছে।
Advertisement
সোমবার আইএনটিটিইউসির ব্লক সভাপতি রাজু আলুওয়ালির কাছে পাম্প কর্মীরা অভিযোগ জানান। তিনি বলেন, বিষয়টি দলের নজরে আনা হবে। এরপর রাতে পেট্রল পাম্প মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সুবীরবাবু বলেন, বারবার ওই ব্যক্তির নেতৃত্বে এরকম ঘটনা ঘটছে। আমাদের পাম্পে বহু মহিলা কর্মী রয়েছেন। তাঁরা আতঙ্কিত। বাধ্য হয়ে থানায় অভিযোগ করেছি।
রবিউল ইসলাম বলেন, পাম্পের কর্মীরা কর্তৃপক্ষের নির্দেশে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে। মানুষ আমার অফিসে অভিযোগ জানালে আমি প্রতিবাদ করেছি। একজন ভুল করে এক পাম্পকর্মীর গায়ে হাত তুলেছে। আমি তার প্রতিবাদ করি। আসানসোলে অনেক পেট্রল পাম্প রয়েছে। কেন বারবার একটি পাম্পেই অশান্তি-সেটাও দেখা দরকার।