নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারের দেবোত্তর ট্রাস্ট বোর্ডের মন্দিরগুলির গত ছ’মাসের প্রণামী গণনার কাজ শেষ হয়েছে। মোট ২৭ লক্ষ ২৪ হাজার ৬৩৭ টাকা গণনা শেষে দেবোত্তর ট্রাস্ট বোর্ডের দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হয়েছে। এবিষয়ে জেলাশাসক তথা দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সভাপতিকে ইতিমধ্যেই রিপোর্ট পেশ করা হয়েছে। গত ৭-১০ জানুয়ারি মদনমোহন মন্দিরের পাশে অবস্থিত শ্রীশ্রীআনন্দময়ী ধর্মশালায় এই প্রণামী গণনার কাজ চলেছিল। রীতিমতো সরকারি কর্মী নিয়োগ করে, কড়া নিরাপত্তায় এই গণনার কাজ করা হয়। বারাণসীর মন্দির বাদে বাকি সমস্ত মন্দিরের প্রণামী বাক্স থেকে পাওয়া টাকা, পয়সা ছ’টি টেবিলে গণনা করা হয়। অপরদিকে, মদনমোহন মন্দিরে আগে রূপোর কয়েন স্মারক হিসেবে বিক্রি করা হতো। দেবোত্তর ট্রাস্ট বোর্ডের কাছে প্রায় ২০ কেজি রূপো রয়েছে। সেই রূপো থেকে ফের কয়েন বানিয়ে স্মারক হিসেবে বিক্রি করার উদ্যোগ শুরু হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে কোচবিহারের মহকুমা শাসক কুণাল বন্দ্যোপাধ্যায় বলেন, দেবোত্তর ট্রাস্ট বোর্ডের গত ছ’মাসের প্রণামী গণনার কাজ শেষ করে তা ব্যাঙ্কে জমা করা হয়েছে। মোট টাকার পরিমাণ ২৭ লক্ষ ২৪ হাজার ৬৩৭। জেলা শাসকের কাছে রিপোর্ট পেশ করা হয়েছে।



