Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে কুপ্রস্তাব প্রতিবেশী যুবকের, থানায় নালিশ

দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে কুপ্রস্তাব প্রতিবেশী যুবকের, থানায় নালিশ
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় ছাত্রীর মা মালদহ থানায় যুবকের নামে অভিযোগ দায়ের করেছেন। আর এরপরই গ্রাম ছেড়ে পালিয়েছে ওই যুবক। পুরাতন মালদহের একটি গ্রামে এ নিয়ে শোরগোল পড়েছে। গ্রামবাসীরা অভিযুক্ত যুবকের এহেন কাণ্ডে ক্ষোভে ফুঁসছেন।  তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সকলে।
Advertisement
বুধবার নিজেদের ক্ষোভ জাহির করেছেন গ্রামবাসী। নাবালিকার পরিবারের দাবি, চলতি মাসের ১৯তারিখ বিকেলে মেয়েটি টিউশন পড়ে ফিরে বাড়ি ফিরছিল। সেই সময় অভিযুক্ত যুবক টুনি বাল্ব দেওয়ার নাম করে ছাত্রীটিকে  বাড়িতে নিয়ে যায়। ঘরে প্রবেশ করিয়ে টেবিল থেকে টুনি নিতে বলে। নাবালিকা সেটি নেয়। অভিযোগ, যুবকটি নাবালিকাকে তার বিছানায় শুতে বলে। নাবালিকা রাজি না হলে বিছানায় বসতে বলে। এর পর তাকে যৌন হেনস্তার চেষ্টা করে বলে অভিযোগ। তাতেও ছাত্রীটি রাজি না হলে টাকা দেওয়ার লোভ দেখায় ওই যুবক। ছাত্রীটি ‘ব্যাড টাচ’ বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে বাড়ি চলে আসে। এদিন নাবালিকার মা বলেন, অভিযুক্ত যুবক আমার মেয়েকে কু-প্রস্তাব দেয়। টাকার প্রলোভন দেয়। কাউকে কিছু বলতে নিষেধ করে। মেয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে পালিয়ে আসে। আমরা থানায় অভিযোগ দায়ের করেছি। প্রতিবেশী যুবকের কড়া শাস্তি চাই।
ঘটনাস্থল এলাকার গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য বলেন, এটা সমাজের লজ্জার ঘটনা। আমরা ওই পরিবারের পাশে আছি। ওই অভিযুক্ত যুবক পলাতক। পুলিস তাঁকে গ্রেপ্তার করুক। এটাই চাই। মালদহ থানার পুলিস জানিয়েছে, অভিযোগ এসেছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। 
সম্পর্কিত সংবাদ