সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সদর মহকুমা দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগে শনিবারের খেলায় বড় ব্যবধানে জয় পেল সুব্রত স্মৃতি সঙ্ঘ। এদিন তারা ১৪৬ রানে আদিত্য স্মৃতি সঙ্ঘকে হারিয়ে দেয়। টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪০ ওভারে ৬ উইকেটে ২৩০ রান করে সুব্রত স্মৃতি সঙ্ঘ। দলের হয়ে সর্বোচ্চ রান করেন সুমিত যাদব। তিনি ৪৫ বলে ৪৮ রান করেন। এছাড়াও ওপেনার রৌনক কেশরি ৩৯ এবং বিপিন কুমার ৩৬ রান করেন। আদিত্য স্মৃতি সঙ্ঘের হয়ে হিমাদ্রিশেখর মণ্ডল ৮ ওভার বল করে তিনটি উইকেট নেন। এছাড়াও আয়ুষ শুক্লা ৭ ওভারে ২৫ রান দিয়ে দু’টি উইকেট নেন।
Advertisement
রান তাড়া করতে নেমে মাত্র ৯৩ মিনিট স্থায়ী হয় আদিত্য স্মৃতি সঙ্ঘের ইনিংস। ২৩.৫ ওভারে ৮৪ রানে অলআউট হয়ে যায় তারা। দলের ব্যাটিং বিপর্যয়ের মুখে কিছুটা লড়াই করার চেষ্টা করেন হিমাদ্রি ও ইন্দ্রাজ শর্মা। হিমাদ্রি ৩৪ বলে ২৯ রান করেন। ইন্দ্রাজ ২৩ রান করেন। দলের বাকি ব্যাটারদের কেউই দু’অঙ্কের রান করতে পারেননি। স্কোরে অতিরিক্ত হিসেবে ২১রান যোগ না হলে আদিত্য স্মৃতি সঙ্ঘকে আরও লজ্জায় পড়তে হতো। সুব্রত স্মৃতি সঙ্ঘের হয়ে অনুরাগ বিশ্বকর্মা ২ রান দিয়ে ২টি উইকেট নেন। সুমিত ১৫ রান দিয়ে ২টি উইকেট নেন।



