সংবাদদাতা, ময়নাগুড়ি: বাড়ির পাশে ছিল বাউল গানের অনুষ্ঠান। সেখানে গিয়ে যে ক্ষতির মুখে পড়তে হবে সেটা ভাবতে পারেনি ময়নাগুড়ির শ্রমিক পরিবারটি। বাড়ি ফিরতেই মাথায় হাত তাঁদের। বাড়ি থেকে নগদ সহ বহু টাকার গয়না চুরি হয়েছে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির খাগড়াবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের দ্বারিকামারিতে। বৃহস্পতিবার ওই পরিবারের পক্ষ থেকে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
Advertisement
জানা গিয়েছে, কিছুদিন আগে জীবন বিমার টাকা পেয়েছিলেন গেনীবালা রায়। তাঁর স্বামী অতিশ্বর রায় পেশায় দিনমজুর। বাড়িতে তাঁরা দুজনেই থাকেন। সেলফ হেল্প গ্রুপ থেকেও লোন নিয়েছিলেন। বাড়িতেই রাখা ছিল টাকা। এদিন রাতে তাঁদের বাড়ির পাশে বাউল গানের অনুষ্ঠান ছিল। সেখানেই গিয়েছিলেন তাঁরা। রাতে বাড়ি ফিরে এসে দেখতে পারেন দরজা ভাঙা। গেনীবালাদেবী বলেন, বহু কষ্ট করে কিছু সোনার গয়না বানিয়েছিলাম। সেগুলি চুরি হয়েছে। এছাড়াও নগদ ৫০ হাজার টাকাও নিয়ে গিয়েছে। এলাকার পঞ্চায়েত সদস্য তৃণমূলের গণেশ সরকার বলেন, অত্যন্ত দরিদ্র পরিবার। আমরা চাইছি দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার করুক পুলিস। এদিকে, ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, অভিযোগ পেয়ে তদন্ত শুরু করা হয়েছে।



