নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: লাগাতার পুলিসি অভিযান সত্ত্বেও কয়লা ও বালি পাচারে এখনও ভাটা পড়েনি। দুবরাজপুর থানার পুলিস সোমবার রাতে ও মঙ্গলবার দু’টি অভিযানে বিপুল পরিমাণ কয়লা ও বালি বাজেয়াপ্ত করেছে। সেইসঙ্গে একাধিক ট্রাক্টরও বাজেয়াপ্ত হয়েছে। এঘটনায় চারজন চালককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম শেখ জিয়ারুদ্দিন, দুধকুমার ডোম, বসন্ত বাগদি ও বিক্রম বাগদি। তারা দুবরাজপুর থানা এলাকার বাসিন্দা। এদিনই ধৃতদের দুবরাজপুর আদালতে তোলা হয়। বিচারক ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। জেলার পুলিস সুপার আমনদীপ বলেন, কয়লা ও বালি পাচার রুখতে লাগাতার অভিযান চলছে। এই অভিযান আগামী দিনে জারি থাকবে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে সোমবার রাতে বালিজুড়ি ও লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতে অভিযান চালানো হয়। তিনটি জায়গা থেকে বেআইনিভাবে মজুত প্রায় নয় টন কয়লা বাজেয়াপ্ত করা হয়। এঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। এদিন সকালে পাহাড়েশ্বর শ্মশান লাগোয়া এলাকায় বালিবোঝাই চারটি ট্রাক্টর বাজেয়াপ্ত করা হয়। এতে চারজন চালক গ্রেপ্তার হয়েছে।
Advertisement
বিরোধী দলের নেতৃত্ব পুলিসি অভিযান নিয়েই প্রশ্ন তুলেছেন। তাঁদের অভিযোগ, সমস্তটাই লোক দেখানো। কয়লা ও বালি পাচার বন্ধ করার উদ্দেশ্য নয়। যদিও শাসকশিবির পুলিসের পাশে রয়েছে। তাদের দাবি, পুলিসি অভিযানের জেরেই বালি ও কয়লা পাচার রোখা সম্ভব হচ্ছে। সিপিএমের জেলা সম্পাদক গৌতম ঘোষ বলেন, পুলিসের এই অভিযান আসলে লোকদেখানো। এটা একধরনের প্রচার মাত্র। জেলা বিজেপির সহ-সভাপতি দীপক দাস বলেন, সাধারণ মানুষের আইওয়াশ করা হচ্ছে মাত্র। এই অবৈধ কারবার বন্ধ হওয়ার নয়।



