সংবাদদাতা, সিউড়ি: ফের অবৈধ কয়লাবোঝাই তিনটি গোরুর গাড়ি আটক করল দুবরাজপুর থানার পুলিস। রবিবার ভোরে পানাগড়-দুবরাজপুর রাজ্য সড়কের শাল নদীর সেতুর কাছে এই তিনটি গোরুর গাড়ি আটক করা হয়। খয়রাশোল থেকে তিনটি গোরুর গাড়িতে প্রায় ১৫টন কয়লা বোঝাই করে পাচারের চেষ্টা চলছিল। পুলিস দেখে গোরুর গাড়ির চালকরা পালিয়ে যায়।
Advertisement
প্রায় মাসখানেক ধরে কয়লা, বালিপাথর পাচার বন্ধে বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিস। অভিযানে লাগাতার কয়লা উদ্ধার হয়েছে। বেশ কয়েকজন পাচারকারীকেও পুলিস গ্রেপ্তার করেছে। তা সত্ত্বেও লাগাতার কয়লা পাচার চলছে। পুলিস জানিয়েছে, শীতের ঘন কুয়াশাকে কাজে লাগিয়ে রাতে ঝাড়খণ্ড, পাণ্ডবেশ্বরের বিভিন্ন কয়লাখনি থেকে এই জেলায় কয়লা ঢুকছে। শীতের রাতে বিভিন্ন গ্রামীণ এলাকায় চোরাপথে মোটরবাইক, গোরুর গাড়িতে কয়লা পাচার হচ্ছে। দুবরাজপুর থানার এক আধিকারিক বলেন, কয়লা পাচার বন্ধে লাগাতার অভিযান চলছে। তাও কিছু জায়গায় পাচারকারীরা বেআইনি কাজ চালিয়ে যাচ্ছে। রবিবার ভোরে তিনটি কয়লাবোঝাই গোরুর গাড়ি ধরা পড়েছে। পাচারকারীদের খোঁজে তল্লাশি চলছে।



