নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: যশপুরের সমবায় সমিতির টাকা নয়ছয়ে অভিযুক্ত ম্যানেজারকে নিজেদের হেফাজতে নিল দুবরাজপুর থানার পুলিস। বৃহস্পতিবার ধৃত আনামত আলি মোল্লাকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক দু’দিন পুলিসি হেফাজতের নির্দেশ দেন। পুলিসি সহায়তায় আত্মসাত হওয়া টাকা উদ্ধার হোক, সেদিকেই তাকিয়ে আছেন সমবায়ের গ্রাহকরা।
Advertisement
গত ২১সেপ্টেম্বর ওই সমবায় ব্যাঙ্কের টাকা আত্মসাতের অভিযোগে স্পেশাল ম্যানেজার বিশ্বজিৎ মজুমদারকে আটকে রেখে বিক্ষোভ দেখান গ্রাহকরা। রাত পর্যন্ত বিক্ষোভ চলে। তাঁদের অভিযোগ ছিল, ম্যানেজার আনামত ১৬- ১৮ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। সমবায়ের প্রায় ১৮০০ গ্রাহকের জমানো টাকার কোনও হিসেব দিতে পারেননি তিনি। সেকারণে মানুষ ক্ষোভে ফেটে পড়ে। রাতে পুলিস গিয়ে স্পেশাল ম্যানেজারকে উদ্ধার করে নিয়ে আসে। এরপর থেকেই যশপুর ঘোড়াতোড়ী সমবায় সেবা সমিতি বন্ধ থাকে। আদৌ টাকা ফেরত মিলবে কিনা তা নিয়ে চিন্তায় থাকেন গ্রাহকরা। সেই ঘটনার এক মাস পর সমবায় দপ্তরের তরফ থেকে গত ২১অক্টোবর থানায় আনামতের বিরুদ্ধে অভিযোগ জমা করা হয়। পরে দুবরাজপুর আদালতে আত্মসমর্পণ করেন অভিযুক্ত ম্যানেজার। এরপর বৃহস্পতিবার তদন্তের স্বার্থে দুবরাজপুর থানার পুলিস অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিল। সরকারি আইনজীবী রাজেন্দ্রপ্রসাদ দে বলেন, অনেক টাকা নয়ছয় করার মামলা শুরু করেছে পুলিস। আদালতে আত্মসমর্পণ করেন ওই অভিযুক্ত। পুলিস হেফাজতে চেয়েছিল। বিচারক দু’দিন পুলিসি হেফাজত মঞ্জুর করেছেন।



