সংবাদদাতা, সিউড়ি: পানীয় জলের সমস্যায় দুবরাজপুরের মঙ্গলপুর জুনিয়র হাইস্কুলে তিনদিন ধরে মিড ডে মিল বন্ধ। পড়ুয়ারা স্কুলে এসে পানীয় জলও পাচ্ছে না বলে অভিযোগ। গত কয়েকদিন ধরে এই সমস্যা চললেও পঞ্চায়েত বা প্রশাসনের উদ্যোগে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। দুবরাজপুর ব্লকের বালিজুড়ি পঞ্চায়েত এলাকায় থাকা এই স্কুলে পানীয় জলের জন্য একটি টিউবওয়েলের সঙ্গে সোলার পাম্প যুক্ত রয়েছে। সেই কলের জল পড়ুয়ারা খায়। পাশাপাশি মিড ডে মিল রান্নায়ও ব্যবহার করা হয়। কিন্তু গত শুক্রবার টিউবওয়েলটি বিকল হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছে স্কুল কর্তৃপক্ষ। পাম্পেও জল উঠছে না। আবার হাতল টিপেও নলকূপের জল উঠছে না। স্কুলের শিক্ষকদের দাবি, ওইদিন থেকেই স্কুলে জলের সমস্যা শুরু হয়েছে। পড়ুয়ারা স্কুলে এসে পানীয় জল না পাওয়ায় বাড়ি থেকে জল নিয়ে আসছে। মিড ডে মিলের রান্নাও বন্ধ হয়ে গিয়েছে। শনি, সোম ও মঙ্গলবার তিনদিন ধরে স্কুলে মিড ডে মিল হয়নি। শিক্ষকদের দাবি, স্কুলের কাছাকাছি কোথাও পানীয় জলের বিকল্প ব্যবস্থা নেই। তা থাকলে অন্তত মিড ডে মিলের রান্না বা সেখান থেকে জল এনে পড়ুয়াদের পানের ব্যবস্থা করা যেত।
Advertisement
স্কুলের টিচার ইনচার্জ অর্ক ভট্টাচার্য বলেন, শুক্রবার থেকেই স্কুলের পানীয় জলের কল বিকল হয়েছে। তাই শনিবার থেকেই মিড-ডে মিল রান্না করা সম্ভব হচ্ছে না। স্কুলের পড়ুয়াদেরও পানীয় জলের জন্য সমস্যা হচ্ছে। তারা বাড়ি থেকে পানীয় জল নিয়ে আসছে। বিষয়টি পঞ্চায়েতকে শনিবারই লিখিতভাবে জানিয়েছি। দুবরাজপুর বিডিও অফিসেও সংশ্লিষ্ট আধিকারিককে জানিয়েছি। কিন্তু এখনও কল ঠিক করা হয়নি।
দুবরাজপুরের বিডিও রাজা আদক বলেন, ওই স্কুলের পানীয় জলের কল দ্রুত মেরামত করার জন্য পঞ্চায়েতকে নির্দেশ দিয়েছি। দ্রুত কাজ করে দেওয়ার জন্য জানাচ্ছি।
দুবরাজপুরের বিডিও রাজা আদক বলেন, ওই স্কুলের পানীয় জলের কল দ্রুত মেরামত করার জন্য পঞ্চায়েতকে নির্দেশ দিয়েছি। দ্রুত কাজ করে দেওয়ার জন্য জানাচ্ছি।



