Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুবরাজপুরে পুলিসের অভিযানে উদ্ধার গাড়ি বোঝাই মোষ, কয়লা

দুবরাজপুরে পুলিসের অভিযানে উদ্ধার গাড়ি বোঝাই মোষ, কয়লা
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: ফের পুলিসি অভিযানে ধরা পড়ল বেআইনি গবাদি পশু, কয়লা ও বালি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর বেআইনি পাচার রুখতে বীরভূমের জেলাজুড়ে বিভিন্ন জাতীয় ও রাজ্য সড়কে ব্যাপক ধরপাকড় শুরু করেছে জেলা পুলিস প্রশাসন। গত কয়েকদিন আগে জেলার ১৪ নম্বর জাতীয় সড়কে একাধিক অভিযানে ধরা পড়েছে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া বেআইনি কয়লা, বালি ও গোরু। তারপর ফের রবিবার রাতে দুবরাজপুর থানার অভিযানে ধরা পড়ল মহিষ বোঝাই গাড়ি। সোমবার দুবরাজপুর থানার পুলিস সূত্রে জানা গিয়েছে, দুবরাজপুরের গড়গড়া মোড়ের কাছে রানিগঞ্জ-মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে আটক করা হয় অবৈধ মোষ বোঝাই গাড়ি। সেই গাড়িতে ১২টি মহিষ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনায় দু’জন পাচারকারীকে গ্রেপ্তারও করেছে পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়া, আসানসোল হয়ে জাতীয় সড়ক ধরে বীরভূমের সাঁইথিয়া যাচ্ছিল অবৈধ মহিষ বোঝাই গাড়িটি। রানিগঞ্জ-মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের উপর গড়গড়া মোড়ে কাছে গাড়িটিকে আটকায় পুলিস। গাড়িটি দেখে প্রাথমিক ভাবে মনে হয় সেটি একটি পার্সেল ভ্যান। কিন্তু গাড়ির পেছনের ঢাকনা খুলতেই দেখা যায় ভিতরে গবাদি পশু। পুলিসের চোখে ধুলো দিতেই এই পার্সেল ভ্যান পাচারের কাজে ব্যবহার করা হয়েছে বলে মনে করছে পুলিস। 
Advertisement
অন্যদিকে এদিন অভিযান চালিয়ে ফের প্রচুর বেআইনি কয়লা উদ্ধার করেছে দুবরাজপুর থানা। এই নিয়ে গত কয়েকদিনে প্রায় ১৮৫ কুইন্টাল অবৈধ কয়লা উদ্ধার হল। পুলিসের দাবি, প্রতিবেশী ঝাড়খণ্ড ও বর্ধমান জেলার বিভিন্ন খনি থেকে সাইকেল ও মোটর সাইকেলে করে এই সব কয়লা চোরাপথে এই জেলায় এনে পাচার করছে কারবারিরা। যদিও এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি বলে খবর।  এছাড়া গবাদি পশু ও কয়লার পাশাপাশি বিভিন্ন নদী থেকে বেআইনি ভাবে বালিও পাচারের হদিশ পেয়েছে পুলিস। রবিবার গভীর রাত্রে অবৈধ বালি বোঝাই তিনটি ট্রাক্টর আটক করে সদাইপুর থানার পুলিস। সিউড়ির দিক থেকে ওভারলোডেড বালি বোঝাই ট্রাক্টরগুলি যাচ্ছিল মুরামাঠ গ্রামের দিকে। সেই সময়ে পুলিস মুরামাঠ সংলগ্ন পাইপ লাইনের কাছে ট্রাক্টরগুলি আটক করে। গ্রেপ্তার করা হয় ট্রাক্টরের চালককে। এছাড়া দু’টি বালি বোঝাই ট্রাক্টর আটক করা হয় রানিগঞ্জ-মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের চিনপাই বাইপাসের কাছে। ট্র্যাক্টরগুলো দুবরাজপুরের দিক থেকে সদাইপুরের দিকে যাচ্ছিল। এই ধরপাকড় প্রসঙ্গে জেলা পুলিসের এক আধিকারিক বলেন, পাচার অভিযান রুখতে আগে থেকেই অভিযান চলছিল। 
সম্পর্কিত সংবাদ