Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দুবরাজপুরে অবসরের দিন স্কুলে ঠান্ডা জল সরবরাহের যন্ত্র উপহার করণিকের

দুবরাজপুরে অবসরের দিন স্কুলে ঠান্ডা জল সরবরাহের যন্ত্র উপহার করণিকের
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, সিউড়ি: অবসর নেওয়ার দিন স্কুলের পড়ুয়াদের জন্য পরিস্রুত ঠান্ডা পানীয় জল সরবরাহের যন্ত্র, ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন উপহার দিলেন বিদ্যালয়ের করণিক। দুবরাজপুর ব্লকের গাঁড়া পদুমা মাধ্যমিক উচ্চবিদ্যালয়ের করণিক পদে প্রায় ৩২বছর ধরে কর্মরত ছিলেন অনন্তকুমার দাস। ৩০ নভেম্বর শনিবার তিনি অবসর নেন। অনন্তবাবুর তরফে স্কুলকে দেওয়া উপহার উদ্বোধন করেন দুবরাজপুরের বিএমওএইচ সালমান মণ্ডল।
Advertisement
অনন্তবাবুর সহকর্মীরা জানান, তিনি কর্মজীবনে বিদ্যালয়ের পড়ুয়া ও এলাকার মানুষের আপদে-বিপদে পাশে থেকেছেন। এদিন তিনি নিজের খরচে পড়ুয়াদের জন্য এই দু’টি যন্ত্র উপহার দেন। অবসরের দিন স্কুলের ৯৫০জন পড়ুয়ার জন্য বিশেষ খাওয়াদাওয়ার আয়োজনও করেন তিনি। তাঁকে বিদায় সংবর্ধনা জানান স্কুলের সহকর্মীরাও।
অনন্তবাবু বলেন, এত বছর এই স্কুলে কাজ করেছি। তাই অবসরের সময় একটু মন খারাপ তো হবেই। এই স্কুল, সহকর্মী ও পড়ুয়াদের জন্য একটা আবেগ রয়েছে। পড়ুয়ারা আমার সন্তানতুল্য। তাই গরমকালে তারা যাতে ঠান্ডা জল পান করতে পারে, সেজন্য এই যন্ত্রটি দিয়েছি। সেইসঙ্গে গ্রামীণ এলাকার এই স্কুলের ছাত্রীদের সুবিধার জন্য স্কুলেই একটি স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসিয়েছি। আশা করছি, আমার এই কাজে পড়ুয়াদের উপকার হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব সেনগুপ্ত বলেন, উনি আমাদের খুব কাছের মানুষ। উনি শুধুমাত্র চাকরি থেকে অবসর নিয়েছেন। কিন্তু স্কুলে মাঝে মাঝে আসবেন। স্কুলের বিভিন্ন প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এই স্কুল ও আমাদের সঙ্গে তাঁর বন্ধন দৃঢ় থাকবে।
সম্পর্কিত সংবাদ