সংবাদদাতা, রামপুরহাট: শুক্রবার গভীর রাতে দুবরাজপুরের সাতকেন্দুরি গ্রামের কাছে পাথরবোঝাই লরির ধাক্কায় আর একটি লরির খালাসির মৃত্যু হল। পুলিস জানিয়েছে, মৃতের নাম সারিকুল ইসলাম(৩১)। বাড়ি মালদহের কালিয়াচক থানার বাবুরবোনা গ্রামে। তিনি মালদহ থেকে ১৬ চাকা ফাঁকা লরিতে দুবরাজপুর এলাকায় বালি লোড করতে এসেছিলেন। জাতীয় সড়কের সাতকেন্দুরি মোড়ে সড়কের ধারে কিছুক্ষণের জন্য লরি দাঁড় করিয়েছিলেন। সেইসময় পাথরবোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সাইড থেকে ধাক্কা মারে। গুরুতর জখম হন সারিকুল। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁকে সিউড়ি হাসপাতালে নিয়ে আসেন। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে রামপুরহাট মেডিক্যালে নিয়ে আসার পথেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে এদিন মেডিক্যালের মর্গে আসেন মৃতের পরিজনরা। মৃতের কাকা ওহিদুল ইসলাম বলেন, ও পরিবারের একমাত্র উপার্জনশীল ছিল।



