নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: ছাপাখানায় জাল লটারি তৈরি হচ্ছিল। অভিযোগ পেতেই দুবরাজপুর থানার পুলিস অভিযানে নেমে একজনকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম আতা হোসেন কাদেরি। গোপন সূত্রের খবরের ভিত্তিতে, বৃহস্পতিবার বিকেলে পাওয়ার হাউস মোড় এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে বেশকিছু লটারি সহ প্রিন্টার, কম্পিউটারও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন কোম্পানির জাল লটারি সেখানে ছাপানো হতো। এছাড়াও ঝাড়খণ্ডে নিষিদ্ধ লটারিও ছাপানো হতো। পরে তা খোলাবাজারে ছড়িয়ে দেওয়া হতো। এই ঘটনায় আর কে কে জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।



