সংবাদদাতা, সিউড়ি: দুবরাজপুরে ডাকাতির ছক বানচাল করল পুলিস। শনিবার গভীর রাতে সেখানকার পণ্ডিতপুর মোড়ের কাছে দুবরাজপুর-বক্রেশ্বর রাস্তায় কয়েকজন যুবককে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখেন টহলরত পুলিসকর্মীরা। তাদের তল্লাশি করতেই ভোজালি, দড়ি, বেশ কয়েকটি মোবাইল ও এটিএম কার্ড পাওয়া যায়। পুলিস তাদের মধ্যে দু’জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধৃত সুধাময় গোপ ও মাধব সিংয়ের বাড়ি দুবরাজপুর থানার মেটেলা গ্রামে। রবিবার তাদের দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
কয়েকদিন আগেই জেলার কাঁকড়তলা, সদাইপুর, সিউড়ি ও মহম্মদবাজার থানার উদ্যোগে একটি বড়সড় ডাকাতির ছক বানচাল করা হয়েছিল। সেক্ষেত্রেও একটি জায়গায় জমায়েত করে একাধিক জায়গায় বড়সড় ডাকাতির পরিকল্পনা করেছিল দুষ্কৃতীরা। পুলিস জানিয়েছে, মূলত দুবরাজপুর এলাকারই বিভিন্ন গ্রামের বাসিন্দারা এরকম ঘটনায় ধরা পড়ছে। এদিন কোথায় ডাকাতির পরিকল্পনা নেওয়া হয়েছিল, তা জানতে তদন্ত চলছে।



