নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: তিন বছর পর ‘দুবরাজপুর চ্যাম্পিয়ন্স ট্রফি’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হল। ২০২২ সালের শুরুর দিকে এই ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছিল। শনিবার তার চূড়ান্ত খেলা আয়োজিত হয়। ২০ ওভারের ম্যাচে চ্যাম্পিয়ন হয় এঞ্জেল। দুবরাজপুর পৌর ক্রীড়াঙ্গনে চলা ওইদিনের খেলাকে কেন্দ্র করে জনমানসে চরম উন্মাদনা লক্ষ্য করা যায়। প্রায় তিন বছর আগে শুরু হওয়া এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা উপভোগ করতে বহু মানুষ ভিড় জমান। দুবরাজপুর পুরসভার চেয়ারম্যান পীযুষ পান্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা সৌকত আলি, দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন, কাউন্সিলার মানিক মুখোপাধ্যায়, ডিএসএ সভাপতি নয়ন ওঝা প্রমুখ উপস্থিত ছিলেন। ওইদিনই চ্যাম্পিয়ন ও রানার্স দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। চ্যাম্পিয়ন দলের সদস্যদের হাতে ট্রফি ও ১৫ হাজার টাকা পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়। রানার্স দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও ১০ হাজার টাকা পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়। এছাড়াও ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ এবং ক্রীড়াপ্রেমী স্বর্গীয় অর্ক পাণ্ডের স্মৃতি উদ্দেশ্যে ম্যান অব দ্য ম্যাচ ট্রফিও খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয়।
Advertisement
দুবরাজপুর ব্লকের ১২টি ক্লাবের খেলোয়াড়দের নিয়ে তিন বছর আগে এই টুর্নামেন্টের সূচনা হয়েছিল। তবে অনিবার্যকারণে সেমিফাইনাল শুরুর আগেই খেলা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে টুর্নামেন্টের উদ্যোক্তা দুবরাজপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন সেই খেলা শেষ করার সিদ্ধন্ত নেয়। সেই মতো চারটি পৃথক দলকে নিয়ে শুক্রবার সেমিফাইনাল হয়। বনকাঠি একাদশ, প্রতাপ সঙ্ঘ, এঞ্জেল ও ইসলামপুর স্পোর্টিং ক্লাব তাতে অংশ নিয়েছিল। শুক্রবার সেমিফাইনাল পর্বে এঞ্জেল ও ইসলামপুর স্পোর্টিং ক্লাব জয় পেয়ে ফাইনালে ওঠে। শনিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টসে জিতে এঞ্জেল প্রথমেই ব্যাট করতে নামে। ২০ ওভারে আট উইকেট হারিয়ে তারা ১৬৯ রান সংগ্রহ করে। স্পোর্টিংয়ের ছেলেরা পরে ব্যাট করতে নেমে ১৭ ওভার ৪ বলে ১৩২ রানে অলআউট হয়ে যায়। চ্যাম্পিয়ন হয় এঞ্জেল। অ্যাসোসিয়েশনের ক্রীড়া সম্পাদক সবিতাব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ২০২২ সালে খেলা শুরু হয়েছিল। সময়ের অভাবে সেসময় খেলা শেষ করা সম্ভব হয়নি। যদিও শেষ পর্যন্ত তা সম্পন্ন হল। অ্যাসোসিয়েশনের সম্পাদক সন্দীপ মুখোপাধ্যায় বলেন, যুব সমাজ মোবাইল সহ নেশায় ডুবছে। খেলার মাধ্যমে তাদের মাঠমুখী করার প্রয়াস চলছে। তাদের নতুন দিশা দেওয়াই আমাদের লক্ষ্য। বছরভর ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি ক্যারাটে ও নাচের প্রশিক্ষণও দেওয়া হয়। পুরসভার চেয়ারম্যান বলেন, খুব ভালো লাগছে। এভাবে খেলার প্রসার ঘটুক। খেলা ও সাংস্কৃতিক চর্চায় জড়িত ক্লাবের পাশে পুরসভা আছে।



