নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বালি পাচার রুখতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রীর সেই বার্তার পরই বীরভূম জেলাজুড়ে বালি পাচার রুখতে পুলিস ও প্রশাসন একপ্রকার আদা-জল খেয়ে মাঠে নেমেছে। অবৈধভাবে বালি পাচারে ইতি টানতে খোদ জেলাশাসকও অভিযানে নামছেন। সেই আবহে এবার দুবরাজপুর থানার পুলিস রানিগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের গড়গড়া মোড় এলাকা থেকে বালিবোঝাই দু’টি ট্রাক বাজেয়াপ্ত করে। ঘটনায় শুক্রবার রাতে দু’জনকে গ্রেপ্তার করে পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম আনারুল শেখ ও শফিকুল ইসলাম। তারা মালদহ জেলার বাসিন্দা। শনিবার তাদের আদালতে তোলা হয়। বিচারক ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিস জানিয়েছে, অজয় নদ থেকে অবৈধভাবে বালি তোলা হয়েছিল। সেই বালি দু’টি ট্রাকে করে মুর্শিদাবাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনার খবর মিলতেই অভিযান চালানো হয়।



