সংবাদদাতা, মেদিনীপুর: ডেবরায় আদিবাসীদের জমির চরিত্র বদল করে প্রমোটারদের বিক্রি করে দেওয়া হচ্ছে। সিন্ডিকট রাজ চলছে। গরিবদের জন্য বরাদ্দ পাট্টা বিত্তশালীদের পাইয়ে দেওয়া হচ্ছে। এই সব অভিযোগ তুলে রবিবার হামিরপুরে তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রদীপ করের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান আদিবাসীরা। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়ে ঘেরাও তুলে নেওয়া হয়। সভাপতি অবশ্য ওই সময় বাড়িতে ছিলেন না। তিনি ডেবরা অডিটোরিয়ামে দলের সভায় ছিলেন। আন্দোলনকারীদের অভিযোগের তির ব্লক সভাপতির দিকে। যদিও সভাপতি তা অস্বীকার করেছেন।
Advertisement
আন্দোলনকারীদের পক্ষে বিজয় হেমব্রম বলেন, আদিবাসীদের জমির চরিত্র বদল করে তা প্রমোটারদের বিক্রি করে দেওয়া হচ্ছে। প্রদীপবাবু রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই সব কাজ করছেন। এর প্রতিবাদেই এদিন আমাদের এই ঘেরাও বিক্ষোভ। আমরা এর আগে প্রশাসনকে বিষয়টা জানিয়েছিলাম। কোনও সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে আন্দোলনে নামতে হল। ১৫ দিনের মধ্যে কোনও সুরাহা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। প্রদীপবাবু বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। জমির চরিত্র বদল করার ক্ষমতা আমার নেই। তাঁদের যদি কোনও অভিযোগ থাকে তাঁরা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে জানাতে পারেন। বাড়ি ঘেরাও করে এভাবে আন্দোলন করা ঠিক নয়। রাজনৈতিকভাবে তাঁদের কিছু বলার থাকলে বলতে পারেন। সমস্ত রকম সহযোগিতা করা হবে। তৃণমূলকে কালিমালিপ্ত করার একটা চক্রান্ত চলছে। দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে সব জানিয়েছি।-নিজস্ব চিত্র



