নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: সাপের কামড়েই মৃত্যু হল এক সর্পবন্ধুর। মৃতের নাম দীপক সর্দার(৭৫)। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে। তবে প্রায় ৩০ বছর ধরে তিনি ডেবরা থানার বালিচক এলাকায় থাকতেন। পুলিস ও পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁর বাড়িতে ১২টি সাপ রয়েছে। মঙ্গলবার সকালে একটি গোখরো সাপকে তিনি খাবার খাওয়াতে যান। সেই সময় সাপটি তাঁর হাতে ছোবল মারে। দ্রুত তাঁকে ডেবরা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেদিনীপুর জেলা কমিটির সহ সম্পাদক বাবুলাল শাসমল বলেন, উনি সাপ নিয়ে নানা গবেষণা করতেন। একইসঙ্গে সাধারণ মানুষকে সচেতনও করতেন। তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হল।



