Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ডেবরায় কাঁসাই নদীর উপর রাস্তা তৈরি শুরু

ডেবরায় কাঁসাই নদীর উপর রাস্তা তৈরি শুরু
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: ডেবরার ট্যাবাগেড়িয়ায় কাঁসাই নদীর উপর রাস্তা তৈরি শুরু হয়েছে। বিডিও প্রিয়ব্রত রাড়ি বলেন, নদীর উপর হিউমপাইপ ফেলে, বোল্ডার, মোরাম দিয়ে এই রাস্তা তৈরি করা হয়। বর্ষা আসার আগে অবধি এখান দিয়েই স্থানীয়রা যাতায়াত করেন। সম্প্রতি নদীতে জল বেড়ে যাওয়ায় রাস্তাটি ভেসে গিয়েছিল। এবার পঞ্চায়েত সমিতির তরফে প্রায় তিন লক্ষ টাকায় রাস্তাটি তৈরি করা হচ্ছে। আপাতত নদীতে পাটাতন ফেলে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে।
Advertisement
পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি প্রদীপ কর বলেন, এখানে যাঁরা ফেরির ডাক পেয়েছেন, তাঁরাই পাটাতন পেতে যাতায়াতের ব্যবস্থা করেছেন। নদী পারাপারের জন্য টাকা দিতে হয়। রবিবার থেকে এর সময়সীমা আরও ১৫দিন বাড়ানো হল। তারপর থেকে বাসিন্দারা রাস্তা দিয়েই যাতায়াত করতে পারবেন। সবরকম গাড়িও চলবে। এজন্য কোনও টাকা দিতে হবে না। ট্যাবাগেড়িয়ায় কাঁসাই নদীর ওপর সেতু না হওয়ায় বর্ষাকালে ভবানীপুর ও ভরতপুর পঞ্চায়েত এলাকার সঙ্গে ডেবরার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হাজার হাজার বাসিন্দাকে দুর্ভোগে পড়তে হয়। যান চলাচলও বন্ধ হয়ে যায়। অন্য সময়ে নদীতে পাটাতন ফেলে অস্থায়ী রাস্তা তৈরি করা হয়। তার উপর দিয়ে ঝুঁকি নিয়ে স্থানীয়রা যাতায়াত করেন। এলাকার মানুষ বহুদিন ধরে ট্যাবাগেড়িয়ায় সেতু তৈরির দাবি জানিয়ে আসছেন। এবার লোকসভা ভোটে এই সেতুই মূল ইস্যু হয়েছিল। বিজেপি, তৃণমূল দু’পক্ষই প্রচারে এই ইস্যু তুলে ধরেছিল। প্রশাসন অবশ্য জানিয়েছে, সেতু তৈরির প্রাথমিক কাজ শুরু হয়েছে।
সম্পর্কিত সংবাদ