Bartaman Logo
২৭ মে, ২০২৬

ডোভার লেন মিউজিক কনফারেন্সের সূচনা

ডোভার লেন মিউজিক কনফারেন্সের সূচনা
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
বড়দিন হোক বা নতুন বছর। শীত পড়লেই উৎসবে মেতে ওঠে কলকাতা। ‘দ্য ডোভার লেন মিউজিক কনফারেন্স’ ছাড়া এই শীতকালীন উৎসব অসম্পূর্ণ। শাস্ত্রীয় সঙ্গীত-নৃত্যের এই মহাযজ্ঞ ৭৩ বছরে পা দিল। এবার ‘সঙ্গীত সম্মান’ পাচ্ছেন বিশিষ্ট মণিপুরী নৃত্যশিল্পী ইলম ইন্দিরা দেবী। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হল। ডোভার লেনের অন্যতম পৃষ্ঠপোষক সঞ্জয় বুধিয়া বলেন, ‘শুধু ভারত নয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই অনুষ্ঠান শুনতে ভিড় জমান শ্রোতারা।’ প্রবীণ শিল্পীদের সঙ্গে নবীনদের উজ্জ্বল উপস্থিতি এই আয়োজনের বিশেষ প্রাপ্তি। পণ্ডিত সমর সাহার কথায়, ‘প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি নতুনদের সুযোগ দেওয়াটা অত্যন্ত জরুরি। এই প্রজন্মের শিল্পীদের নিজের সেরাটা তুলে ধরার সুযোগ করে দেয় ডোভারলেন।’ 
Advertisement
২০০০ সালে ডোভার লেনের মেধা অন্বেষণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন রোঙ্কিনি গুপ্ত। এবার মূল অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন এই উদীয়মান শিল্পী। রোঙ্কিনির কথায়, ‘জীবনের যেন একটা বৃত্ত সম্পূর্ণ হল। ২০০০ সালে প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছিলাম। ২৫ বছর পর ফিরে আসতে পেরে খুব ভালো লাগছে।’ চার রাতের এই আয়োজনে রোঙ্কিনি ছাড়া কণ্ঠসঙ্গীত পরিবেশন করবেন উলহাস কাশালকর, কলাপিনি কোমকলি, সোহিনী রায়চৌধুরী, সাজন মিশ্র, অঙ্কিতা জোশি, পদ্মিনী রাও, ব্রিজভূষণ গোস্বামী, সন্দীপন সমাজপতি প্রমুখ। যন্ত্রসঙ্গীতে থাকছেন আমান আলি বাঙ্গাস, প্রবীণ গোড়খিন্ডি, অনুপমা ভগবত, বিশ্বমোহন ভাট, তরুণ ভট্টাচার্য, ফিল স্ক্রাফ, জয়ন্তী কুমারেশ, সুজাত খান, সঞ্জয় ঘোষ, অনির্বাণ রায় সহ অন্যান্যরা। এছাড়া শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করবেন বৈদেহী কুলকার্নি, গীতা সিরিশা, সুদীপ চক্রবর্তী।
সম্পর্কিত সংবাদ