সংবাদদাতা, গঙ্গারামপুর: বুধবার বংশীহারি ব্লকের শ্রীরামপুর এলাকায় পুকুর ভরাট বন্ধ করল ভূমি দপ্তর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্রীরামপুরের বাসিন্দা তাঁর ৩০ শতক একটি ডোবা ভরাট করছিলেন আর্থমুভার দিয়ে। বাসিন্দা আব্দুস সামাদ বংশীহারি ভূমি দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। দপ্তরের টিম এদিন ঘটনাস্থলে গিয়ে ভরাট বন্ধ করে তদন্তে নেমেছে। জমির মালিক নাওয়াজ আহমেদ বলেন, আমরা বাড়ি করার সময় মাটির প্রয়োজনে গর্ত খোঁড়া হয়েছিল। সেটি বর্ষার জলে ডোবায় পরিণত হয়েছে। সেই ডোবা বুজিয়ে দেওয়া অন্যায় নয়। বংশীহারি ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক মলয় চক্রবর্তী বলেন, মহাবাড়ি শ্রীরামপুরে ডোবা ভরাটের অভিযোগ পেয়েছি। কাজ বন্ধ করে তদন্ত করে দেখা হচ্ছে।



