ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে পূর্ব মেদিনীপুরে দিনভর বৃষ্টি, সতর্কতা
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৃহস্পতিবার দিনভর বৃষ্টিতে বিপর্যস্ত পূর্ব মেদিনীপুর। সমুদ্র উপকূল বরাবর বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া ছিল। অগ্রহায়ণের শুরুতে বৃষ্টি ও ঝড়ো শীতল হাওয়ায় পারদ কিছুটা নেমে যায়। জরুরি প্রয়োজন ছাড়া এদিন সাধারণ মানুষ সেভাবে ঘরের বাইরে বের হননি। সকাল থেকে রাস্তাঘাটে লোকজনও বেশ কম ছিল। দীঘায় পর্যটকদের সতর্ক করতে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়। বিশ্ববাংলা-১ ও ২নম্বর, সি-হক গোলা, মেরিনা, ক্ষণিকা, হলিডে হোম ঘাট সহ সর্বত্র পুলিশ, সিভিল ডিফেন্স, নুলিয়াদের কড়া নজরদারি ছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সকালথেকে পর্যটকরা কার্যত হোটেলবন্দি ছিলেন।

Advertisement

দুর্যোগের জেরে জেলায় জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে অনেক জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। নন্দকুমার ব্লকের খঞ্চিতে বৃহস্পতি ও শুক্রবারের সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। একইভাবে হেঁড়িয়া স্কুলবাজার বন্ধু গোষ্ঠীর জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে দু’দিনের অনুষ্ঠান বতিল হয়েছে। আবার, ছোট মাঝারি পুজো কমিটির ভাসানের কাজেও বিঘ্ন ঘটেছে বলেও জানা গিয়েছে। 
এই সময় অনেক জায়গায় জমিতে ধান পাকতে শুরু করেছে। এদিন বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ায় নন্দীগ্রাম, খেজুরি, কাঁথি, রামনগর, এগরা সহ অনেক জায়গায় ধানগাছ মাটিতে মিশে গিয়েছে। তার উপর জল জমার আশঙ্কায়  চাষিদের কপালে মাথায় চিন্তার ভাঁজ পড়েছে। চাষিদের কথায়, ডিসেম্বরের শুরু থেকেই অনেক জায়গায় ধান কাটার কথা। তারআগে গাছ জমির সঙ্গে মিশে যাওয়ায় ধানে অঙ্কুর বের হওয়ার আশঙ্কা রয়েছে। এবছর দু’দফায় বন্যা পরিস্থিতিতে এমনিতেই বহু জায়গায় আমন চাষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর অসময়ের বৃষ্টিতে ফের ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। 
বৃহস্পতিবার ভোর থেকেই কোলাঘাট, তমলুক, নন্দকুমার, হলদিয়া, কাঁথি, দীঘা সহ সর্বত্র একটানা বৃষ্টি শুরু হয়। হাটবাজার জমে ওঠেনি। লোকজন অনেক কম ছিল। রাস্তায় যানবাহনও কম ছিল। মেচেদা থেকে তমলুক, হলদিয়া ও কাঁথি সহ দিনভর দুর্যোগের কারণে অনেক দোকানপাটও বন্ধ ছিল। তবে, উপকূল এলাকায় পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারি ছিল। উত্তাল সমুদ্রে যাতে স্নান করতে নেমে প্রাণহানির মত ঘটনা না ঘটে সেজন্য প্রতিটি ঘাটে টহল ছিল। দীঘার পাশাপাশি মন্দারমণিতেও একই ছবি দেখা গিয়েছে। পর্যটকদের পাশাপাশি মৎস্যজীবী এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়।