ডাঃ ওয়াল্ডি। পুরো নাম ডাঃ ডেভিড ওয়াল্ডি। বরানগরের এই বাসিন্দা আজ এক বিস্মৃতপ্রায় নাম। বরানগরে তাঁর সালফিউরিক অ্যাসিডের ব্যবসা ছিল। এই অঞ্চলের প্রখ্যাত সমাজ সংস্কারক শশীপদ বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সেবামূলক কাজের একজন বিশেষ উৎসাহদাতা ছিলেন তিনি। শশীপদবাবু যখন ইংল্যান্ডে, তখন তাঁর সংস্কারমূলক কার্যকলাপের বিরুদ্ধে বরানগরের কিছু রক্ষণশীল মানুষ সোচ্চার হয়েছিলেন। তাঁরা একটি সভারও আয়োজন করেছিলেন। তা নিয়ে তীব্র প্রতিবাদে সরব হন চিকিৎসক ডেভিড ওয়াল্ডি। তাঁর সাফ বলেছিলেন, ‘অনুপস্থিত ব্যক্তির বিরুদ্ধে নিন্দা করা শিষ্টাচার সঙ্গত নয়।’ তখন তাঁর বয়স ষাটের কোঠায়। তাঁর ওই জ্বালাময়ী মন্তব্য ঘিরে ঝড় উঠেছিল বরানগরজুড়ে। তা নিয়ে নানা ব্যঙ্গ বিদ্রুপেরও শিকার হয়েছিলেন তিনি। কিন্তু নিজের বক্তব্যে অনড় ছিলেন ওয়াল্ডি। বরানগরের আঞ্চলিক ইতিহাস গ্রন্থ থেকে জানা যায়, বরানগর জুটমিলের ডাক্তার ছিলেন ডেভিড ওয়াল্ডি। তিনি বরানগর সোশ্যাল ইমপ্রুভমেন্ট সোসাইটির সভাপতিও হয়েছিলেন। একসময় বরানগর ইনস্টিটিউটের কোষাধ্যক্ষের দায়িত্বও সামলেছিলেন। শুধু তাই নয়, উন্নয়নমূলক কাজের জন্য এই ইনস্টিটিউটকে ৫০ টাকা সাহায্যও দিয়েছিলেন। প্রয়াত ইতিহাসবিদ অজিত সেন তাঁর ‘বরানগর আঞ্চলিক ইতিহাস’ গ্রন্থে লিখেছেন-‘এই প্রখ্যাত চিকিৎসকের নামে বরানগরে একটি রাস্তার নামকরণও করা হয়েছিল একসময়। যা বর্তমানে ব্যারিস্টার পি মিত্র রোড নামে সকলের কাছে সুপরিচিত।’



