লন্ডন, ২৭ জুন: হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন ডেভিড বেকহ্যাম। তাঁর ডান হাতটি ঢুকিয়ে রাখা একটি ব্যাগের (স্লিং পাউচ) মধ্যে। যদিও মুখে হাসি, কী হয়েছে কিংবদন্তি ফুটবলারের? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। বেকহ্যামের এহেন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন খোদ তাঁর স্ত্রী ভিক্টোরিয়া। তারপরেই বেকহ্যামের অনুরাগীদের প্রশ্ন কী হয়েছে? ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলারের? যদিও গুরুতর কিছু নয় বলেই জানা গিয়েছে। একটি পুরনো আঘাতের অপারেশন করাতেই হাসপাতালে ভর্তি হয়েছেন বেকহ্যাম।
সালটা ২০০৩, ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে মাঠ কাঁপাচ্ছেন ফুটবলার ডেভিড বেকহ্যাম। সেই বছরেই, দক্ষিণ আফ্রিকার সঙ্গে একটি ‘ফ্রেন্ডলি’ ম্যাচ খেলেছিল ইংল্যান্ড। সেই ম্যাচেই দক্ষিণ আফ্রিকার এক ফুটবলারের ধাক্কায় মাঠে পড়ে গুরুতর চোট পান বেকহ্যাম। তাঁর ডান হাতের কব্জিতে গুরুতর আঘাত লাগে। যন্ত্রণার জেরে দ্রুত বেকহ্যামকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছিল, কব্জির হাড় সরে গিয়েছে, তা অপারেশন করা হয়। হাড় স্ক্রু দিয়ে জুড়ে দেওয়া হয়। যদিও সেই স্ক্রু অপারেশন করে বের করার কথা থাকলেও আর সময় পাননি কিংবদন্তি ফুটবলার। অবশেষে প্রায় ২২ বছর বাদে ফের ডান হাতের কব্জির অপারেশন করতেই হাসপাতালে ভর্তি হয়েছেন বেকহ্যাম। সেই সংক্রান্ত একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়েছেন বেকহ্যামের স্ত্রী ভিক্টোরিয়া। কয়েকদিন আগেই নাইটহুড উপাধি পেয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। তাই এখন থেকে তিনি স্যার ডেভিড বেকহ্যাম।