নিজস্ব প্রতিনিধি, আসানসোল: গুজরাতের নর্মদার তীরে ১০৫একর জায়গায় গড়ে উঠেছে নীলকণ্ঠ মন্দির। চারপাশে জলের মধ্যে মন্দিরের মূল গর্ভগৃহে অবস্থান করছেন নীলকণ্ঠ প্রভু স্বামীনারায়ণ। সেই বিশাল মন্দিরের আদলেই এবার বারাবনি ব্লকের দাসকেয়ারি নেতাজি ক্লাব মণ্ডপ গড়ে তুলছে। ওই মন্দিরের গর্ভগৃহ যেভাবে জলবেষ্টিত, সেরকম পরিবেশ সৃষ্টি করা হবে এই সুবিশাল মণ্ডপে। রবিবার এই ক্লাবের কালীপুজোর শুভ উদ্বোধন।
এবার পুজোর উদ্বোধন করবেন স্থানীয় বিধায়ক বিধান উপাধ্যায় ও অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। কয়েকদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ক্লাব কর্তৃপক্ষ। বৃহস্পতিবার অনুষ্ঠানে অংশ নেবেন বিখ্যাত অভিনেতা তথা সাংসদ দীপক অধিকারী(দেব)। বুধবার ‘শত্রু নিধনে রাঙ্গা সিন্দুর’ যাত্রা পরিবেশিত হবে।
এবার প্রতিমাতেও অভিনবত্ব থাকছে। মা কালী এখানে দাঁড়িয়ে নয়, সিংহের উপর বসে রয়েছেন। শয়নরত মহাদেবের পাশাপাশি দেবীর দু’পাশে ব্রহ্মা ও বিষ্ণুকে দেখা যাবে। চোখধাঁধানো আলোকসজ্জাও থাকবে। বাজেট নিয়ে অবশ্য কর্মকর্তারা মুখ খোলেননি।
কয়েকবছর আগেও এখানে পুজো হতো না। এলাকার বিধায়ক বিধান উপাধ্যায়ের জয়ের কামনা করে পুজোর সূচনা হয়েছিল। শাসকদলের কর্মীরা মানত করেছিলেন, ২০১৬সালে বিধান উপাধ্যায় বিধায়ক হলেই ঘটা করে কালীপুজো হবে। সেই বছর থেকেই পুজোর সূচনা। প্রতিবছর এই পুজোর জাঁকজমক বাড়ছে। পুজো দেখতে বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা ভিড় জমান। পুজোর মূল উদ্যোক্তা বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ বলেন, বারাবনি এলাকার মানুষের কথা ভেবেই আমরা পুজোর আয়োজন করি। পুজোর পাশাপাশি নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে।