নভেম্বরের শেষে বাজারে আসবে পাহাড়ের ‘রানি’ কমলা, মিরিকে ফলন মার খাওয়ার শঙ্কা
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: চলতি মাসেই বাজারে আসবে দার্জিলিংয়ের ‘রানি’ কমলা। পাহাড়ের বিভিন্ন বাগান পরিদর্শনের পর একথা জানিয়েছে উদ্যানপালন দপ্তর। তবে বাজারে ভিনরাজ্যের কমলা দার্জিলিংয়ের বলে  চালানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ। এদিকে, এবার ‘অরেঞ্জ সিটি’ মিরিকে কমতে পারে কমলা লেবুর ফলন। এমন আশঙ্কা করছেন স্থানীয় চাষিরা। তাঁদের বক্তব্য, খামখেয়ালি আবহাওয়ার জেরে অকালেই গাছ থেকে ঝরে পড়ছে কমলা লেবু। সমগ্র বিষয় খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।

Advertisement

কালীপুজো শেষ। আর কয়েকদিন পরই ছটপুজো। অথচ বাজারে দেখা নেই দার্জিলিং পাহাড়ের ‘রানির’। নভেম্বরের মাঝামাঝি সময় এনিয়ে মন ভার বাঙালির। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং, কার্শিয়াং, মিরিক প্রভৃতি এলাকায় বাগানে কমলার গায়ে রং ধরেছে। চলতি মাসের শেষ সপ্তাহে এখানকার কমলালেবু গাছ থেকে পাড়া হবে। তারপর তা আসবে বাজারে। উদ্যানপালন দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, চলতি মাসের শেষেই এখানকার কমলা বাজারে আসে। এবারও একই সময়ে কমলা বাজারে আসছে। এটা স্বাভাবিক বিষয়।
এদিকে, শিলিগুড়ি  শহরের বিভিন্ন বাজারে ছড়িয়ে পড়েছে কমলালেবু। সেগুলি কোনোটির ত্বক সবুজ, আবার কোনোটির গায়ে হালকা কমলা রং ধরেছে। সেগুলির ত্বক মোটা। ভিতরটা কিছুটা ফাঁপা। অভিযোগ, ওই কমলাগুলিকে দার্জিলিংয়ের বলে চালানোর চেষ্টা করছেন অসাধু ব্যবসায়ীরা। স্থানীয়রা এনিয়ে ক্ষুব্ধ। তারা এব্যাপারে প্রশাসনের নজরদারির দাবি তুলেছেন। তা না হলে দার্জিলিংয়ের ‘রানির’ গুণগত মান নিয়ে প্রশ্ন উঠবে।
প্রশাসনের কর্তাদের একাংশ বলেন, দার্জিলিংয়ের কমলার ত্বক পাতলা হয়। সেটি টাইট থাকে। তাতে রস প্রচুর। এর স্বাদ-অম্ল মিষ্টি। কাজেই বাজারে যেসব কমলা বিক্রি হচ্ছে, সেগুলি ভিনরাজ্যের। দার্জিলিংয়ের নয়। এব্যাপারে বিভিন্ন বাজার ঘুরে ব্যবসায়ীদের সতর্ক  করা হবে।
অন্যদিকে, দার্জিলিং জেলার মধ্যে মিরিক কমলার ঘাঁটি বলে পরিচিত। এজন্য অনেকের কাছেই মিরিক ‘অরেঞ্জ সিটি’ হিসেবে পরিচিত। স্থানীয়রা বলেন, খামখেয়ালি আবহাওয়ার জেরে একদা বোটা শুকিয়ে গাছ থেকে ঝরে পড়ে কমলার গুঁটি। সেই সঙ্গে পোকার উপদ্রব ও রোগ সংক্রামণও রয়েছে। এজন্য এবার মিরিকে কমলার ফলন কমতে পারে। উদ্যানপালন দপ্তরের এক আধিকারিক অবশ্য জানিয়েছেন, মিরিকের বিষয়টি খোঁজ নেওয়া হবে। তবে, পাহাড়ে প্রায় ২৫১০হেক্টর জমিতে কমলার চাষ হয়। এবার ফলন কত হবে, তা এখনই স্পষ্ট করে বলা সম্ভব নয়।