সংবাদদাতা, হিলি: শীত পড়তেই বালুরঘাটের বাজারে হাজির দার্জিলিংয়ের কমলালেবু। বালুরঘাটের বিভিন্ন ফলের স্থায়ী দোকান সহ ফুটপাতের দোকানে দার্জিলিংয়ের কমলালেবু বিক্রি হচ্ছে। উজ্জ্বল কমলা রং, পাতলা খোসা ও মিষ্টি স্বাদের জন্য জিআই ট্যাগপ্রাপ্ত এই কমলালেবুর আলাদা কদর রয়েছে।
ব্যবসায়ীদের দাবি, সাধারণ কমলালেবুর তুলনায় দার্জিলিং কমলালেবুর চাহিদা অনেক বেশি থাকে। তবে আকারে ছোট হলেও ক্রেতারা কেজি দরে এই কমলা কিনতে পছন্দ করছেন। স্থানীয় ফল বিক্রেতারা জানিয়েছেন, দার্জিলিংয়ের সুন্দরী এই কমলালেবু শিলিগুড়ি থেকে তাঁরা পাইকারি দরে এনে বিক্রি করছেন। বিক্রেতাদের কথায়, প্রতি কেজি কমলালেবু ১৪০ টাকা থেকে ১৬০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে আকার ও মানভেদে দামের কিছুটা তারতম্য হচ্ছে। শীত যত বাড়বে, কমলালেবুর সরবরাহ বাড়ার সঙ্গে দামও কিছুটা কমতে পারে বলেও আশা করছেন তাঁরা। সুমন দাস বালুরঘাটের গান্ধী মোড়ে ফলের অস্থায়ী দোকান বসিয়েছেন। তিনি প্রতিবছর শীতের মরশুমে কমলালেবু বিক্রি করেন। সম্প্রতি শিলিগুড়ির পাইকারি বাজার থেকে চল্লিশ কার্টন কমলালেবু প্রথম ধাপে এনে বিক্রি করছেন। তিনি জানান, এবছরেও ক্রেতাদের কাছে দার্জিলিংয়ের কমলালেবুর বিশেষ চাহিদা আছে। ক্রেতাদের একাংশ জানিয়েছেন, স্বাদ ও গুণমানের কারণে তাঁরা প্রতিবছরই দার্জিলিং কমলালেবুর অপেক্ষায় থাকেন। ভিটামিন ‘সি’-সমৃদ্ধ এই ফল শীতকালে স্বাস্থ্যের পক্ষেও যথেষ্ট উপকারী। বলুরঘাটের বাসিন্দা পেশায় শিক্ষক হরিপদ সাহা জানান, প্রতিবছর শীতের মরশুমে দার্জিলিংয়ের কমলালেবুর জন্য অপেক্ষা করে থাকি। এবছরেও শীতের শুরু থেকে নাগপুরেরে কমলা খাওয়া শুরু করেছি। তবে স্বাদে ও গন্ধে দার্জিলিংয়ের কমলালেবুর তুলনাই হয় না।