Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আত্রেয়ী নদীর ভাঙনে নিশ্চিহ্ন হওয়ার পথে ডাঙ্গি ফরেস্ট

আত্রেয়ী নদীর ভাঙনে বিপন্ন ডাঙ্গি ফরেস্ট। স্থানীয়রা নদী বাঁধের দাবি জানাচ্ছেন। বনাঞ্চল রক্ষায় প্রশাসনের ভূমিকা নিয়ে উদ্বেগ। বিস্তারিত পড়ুন।

আত্রেয়ী নদীর ভাঙনে নিশ্চিহ্ন হওয়ার পথে ডাঙ্গি ফরেস্ট
  • ১১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বালুরঘাট: আত্রেয়ী নদীর পাড় ভাঙনে কার্যত বিলীন হওয়ার পথে ডাঙ্গি ফরেস্ট। স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর অল্প অল্প করে ভাঙন হচ্ছে ডাঙ্গি ফরেস্টে। আত্রেয়ীর ভাঙন এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে, ফরেস্টের গাছগুলি অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করছে। ভাঙন ঠেকাতে নদী বাঁধ না হলে পুরো ফরেস্টই নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কা করছেন দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর। প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ স্থানীয়রা। তাঁদের বক্তব্য,  তৃণমূল সরকারের আমলে ফরেস্ট বাঁচাতে বাঁধের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। 

Advertisement

এই বনাঞ্চল বালুরঘাটের ভাটপাড়া গ্রামপঞ্চায়েতের অধীনে। পঞ্চায়েত প্রধান নীলিমা বর্মন বলেন, প্রতিবছর নদীপাড় ভেঙে যাচ্ছে। ফরেস্ট বাঁচাতে নদী বাঁধের জন্য আমরা ব্লক অফিসে জানিয়েছি। এদিকে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ রায়। তিনি বলেন, আমি ইতিমধ্যে নদীপাড়ের বেশকিছু কাজের জন্য রাজ্যকে চিঠি দিয়েছি। রাজ্যকেও জানাব। ভাঙন রুখতে স্থানীয় প্রশাসনকেও জানাব। আগে ডাঙ্গি ফরেস্টকে কেন্দ্র করে ইকো ট্যুরিজম পার্ক করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সেই পরিকল্পনা থমকে যায়। বনাঞ্চলের বিস্তীর্ণ ভূমি একেবারে নদীর ধারে। স্থানীয়দের দাবি, বছর বছর ওই ফরেস্টের গাছ ও জমি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। এলাকার বাসিন্দা বিজয় বর্মন বলেন, এক সময় ডাঙ্গি ফরেস্টে অনেক বড়ো ছিল। এখন গাছের সংখ্যা কমে যাচ্ছে। প্রতিবছর বর্ষায় নদী ভাঙনে ফরেস্টের জমি ও গাছ তলিয়ে যায়। স্থানীয়দের বক্তব্য, বনাঞ্চল বাঁচাতে হলে নদীবাঁধ ছাড়া অন্য উপায় নেই। 
 বালুরঘাট শহর থেকে ৫ কিমি দূরে আত্রেয়ীর পাড়ে সবুজ প্রাকৃতিক পরিবেশে ঘেরা ডাঙ্গি ফরেস্ট। আত্রেয়ীর পাড়েই রয়েছে বহু গাছ। বর্তমানে ওই জায়গাটি পিকনিক স্পট হিসেবে পরিচিত। আগামীতে ওই জায়গায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে বড়ো প্রজেক্ট করার সম্ভাবনা রয়েছে। নতুন সরকার সেই বিষয়টি নিয়ে নতুন করে ভাবছে বলে সূত্রের খবর। কিন্তু সেখানে নদীভাঙন ক্রমশ তীব্রতর হচ্ছে। বছর বছর নদীগর্ভে তলিয়ে যাচ্ছে অসংখ্য গাছ। গাছের সংখ্যা যেমন কমেছে, বনভূমিও অনেকটা কমেছে। স্থানীয়দের দাবি, ইতিমধ্যে গত কয়েক বছরে প্রায় ১০০ মিটার জমি সহ বহু গাছ নদীগর্ভে তলিতে গিয়েছে। এছাড়াও প্রায় ৫০০ মিটার বরাবর জমি সহ গাছ সংকটে পড়েছে। যা নিয়ে উদ্বিগ্ন পরিবেশপ্রেমীরা। দ্রুত ডিপিআর করে আগামী বর্ষার আগেই এই কাজটি করার দাবি তুলেছেন বাসিন্দারা।  আত্রেয়ী নদীর ভাঙনে তলিয়ে যাচ্ছে ডাঙ্গি ফরেস্ট। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ