Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রিল তৈরির নেশায় বিপজ্জনকভাবে সেতুতে স্টান্ট, দখল জাতীয় সড়ক

রায়গঞ্জ: জাতীয় সড়ক নয়, দেখে মনে হবে মেলার মাঠ। সড়কের উপরে ফুচকার দোকান, আইসক্রিমের স্টল। তাতে ক্রমেই সংকীর্ণ জাতীয় সড়ক। প্রাণের ঝুঁকি নিয়ে চলছে মোবাইলে রিল বানানো।

রিল তৈরির নেশায় বিপজ্জনকভাবে সেতুতে স্টান্ট, দখল জাতীয় সড়ক
  • ১৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রায়গঞ্জ: জাতীয় সড়ক নয়, দেখে মনে হবে মেলার মাঠ। সড়কের উপরে ফুচকার দোকান, আইসক্রিমের স্টল। তাতে ক্রমেই সংকীর্ণ জাতীয় সড়ক। প্রাণের ঝুঁকি নিয়ে চলছে মোবাইলে রিল বানানো। বাইক, সাইকেলের স্টান্ট। সেখানেই কপোত-কপোতীদের আড্ডা। রায়গঞ্জের ১২ নম্বর জাতীয় সড়কে সুভাষগঞ্জ এলাকায় রেলব্রিজের উপরে চলছে এধরনের কার্যকলাপ। প্রত্যেকদিন বিকেল থেকে ভিড় জমে সেখানে। জাতীয় সড়কে দ্রুতগতিতে ছুটে চলেছে যানবাহন। যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। এমনকী জাতীয় সড়কের উপরে টোটো নিয়েও বিভিন্ন ধরনের স্টান্ট করতে দেখা যায় চালকদের। যে কোনও সময়ে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে জেনেও কেন ভিড় করছেন সাধারণ মানুষ?

Advertisement

ব্রিজে ঘুরতে আসা অনেকে বললেন, এই ব্রিজের উপর যারা রিল বানায়, তারা ভাইরাল হয়ে যাচ্ছে। সেজন্যই দিনের পর দিন এখানে বাড়ছে ভিড়। রিলের নেশায় চলছে বাইক ও সাইকেল স্টান্ট, কেউ কেউ উঠে যাচ্ছে ব্রিজের রেলিংয়ে। ব্রিজে ঘুরতে আসা কণিকা বর্মন বললেন, বিকেলে এই জায়গার পরিবেশটা মনোরম। তাই ঘুরতে এসেছিলাম। কিন্তু অনেকে রিল বানানোর নেশায় নানা রকম স্টান্ট, নাচ করছে। বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
স্থানীয় বাসিন্দা রাসেল রানার কথায়, বিকেল হতেই দেখি দূরদূরান্ত থেকে বিভিন্ন লোক বাইক, চারচাকা গাড়ি নিয়ে ভিড় জমায়। বাচ্চারা সাইকেলের চাকা তুলে স্টান্ট করছে। দ্রুতগতিতে বাইক ছুটছে। প্রশাসন নজর দিলে ভালো হয়। মূলত রিল বানানোর নেশায় এই ব্রিজে ভিড় হচ্ছে।
রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করছি।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ