Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রামকৃষ্ণ সেতু বিপর্যয়ে ক্ষতি, ১৫ অক্টোবর থেকে বাস বন্ধের হুঁশিয়ারি

রামকৃষ্ণ সেতু বিপর্যয়ের পর বন্ধ হয়ে গিয়েছে বাস পরিষেবা। দু’মাস ধরে কাটা সার্ভিসে চলাচল করছে বাসগুলি। তার জেরে ক্ষতির মুখে পড়ছেন বাস মালিকরা।

রামকৃষ্ণ সেতু বিপর্যয়ে ক্ষতি, ১৫ অক্টোবর থেকে বাস বন্ধের হুঁশিয়ারি
  • ১১ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: রামকৃষ্ণ সেতু বিপর্যয়ের পর বন্ধ হয়ে গিয়েছে বাস পরিষেবা। দু’মাস ধরে কাটা সার্ভিসে চলাচল করছে বাসগুলি। তার জেরে ক্ষতির মুখে পড়ছেন বাস মালিকরা। বিকল্প ব্যবস্থা না হওয়ায় আগামী ১৫ অক্টোবর থেকে অনির্দিষ্ট কালের জন্য বাস পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে মালিক সংগঠন। মিনি ও এক্সপ্রেস বাসের মালিক সংগঠন পৃথকভাবে বাস বন্ধ রাখার কথা ঘোষণা করেছে। তার জেরে নতুন করে বাস চলাচল নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছে।

Advertisement

হুগলি ইন্টার রিজিয়ন বাস মালিক সমিতির সভাপতি মির্জা গোলাম মোস্তফা বলেন, রামকৃষ্ণ সেতুতে বিপর্যয় হওয়ার পর নদীতে একটি অস্থায়ী সেতু দিয়ে বাস চলাচলের ব্যবস্থা করার দাবি জানানো হয়। কিন্তু, তা নিয়ে কোনও উদ্যোগ নেয়নি প্রশাসন। এছাড়া সেতুর কাজের গতিও অত্যন্ত শ্লথ। বাসগুলির ওজন ১০ মেট্রিক টনের কম। ফলে অনায়াসে বাসগুলি সেতু দিয়ে যাতায়াত করতে পারবে। কিন্তু, সেতুর দুই প্রান্তে হাইট বার থাকায় বাস চলছে না। তাই অবিলম্বে হাইট বার না তুললে আগামী ১৫ অক্টোবর থেকে অনির্দিষ্ট কালের জন্য বাস পরিষেবা বন্ধ রাখতে আমরা বাধ্য হব। 
একই দাবি আরামবাগ বাস মিনিবাস অপারেটর্স ওয়েলফেয়ার ইউনিয়নের সভাপতি বৈদ্যনাথ নন্দী বলেন, প্রশাসনিক নির্দেশমতো আমরা কালীপুর থেকে কাটা সার্ভিস চালাচ্ছি। কিন্তু, কালীপুরে অস্থায়ী বাসস্ট্যান্ডে কোনও পরিকাঠামো তৈরি করা হয়নি। বর্তমানে কাটা সার্ভিসের জেরে খরচ তুলতে কর্মীদের কালঘাম ছুটছে। যাত্রীদের নিয়ে সেতুতে বাস যাতায়াতের অনুমতি দিলে সুবিধা হবে। না হলে ১৫ অক্টোবর থেকে বাস বন্ধ করতে বাধ্য হব। 
পূর্তদপ্তরের এক ইঞ্জিনিয়ার বলেন, রামকৃষ্ণ সেতুতে নিজস্ব গতিতে কাজ চলছে। সেতুর উপরে গার্ডওয়াল ভেঙে লোহার রেলিং লাগানোর কাজ হচ্ছে। তা শেষ হতে আরও প্রায় এক মাস সময় লাগতে পারে। রামকৃষ্ণ সেতুর বিপর্যয়ের জেরে ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবার কালীপুজোর আগে সেতুর সংস্কার কাজ শেষের দাবিতে শুক্রবার স্মারকলিপি দেয় আরামবাগ শহরে ব্যবসায়ী কল্যাণ সমিতি। সংগঠনের ৩ নম্বর জোনের সম্পাদক বলরাম বাগ বলেন, আরামবাগের বাজারে নিয়মিত বাঁকুড়া সহ পূর্ব বর্ধমানের একাংশ এলাকা থেকে ক্রেতারা আসেন। কিন্তু, সেতু বিপর্যয়ের জেরে তাঁদের যাতায়াতে খুব সমস্যা হচ্ছে। তাই কালীপুজোর আগে যাতে সেতুতে বাস চলাচলের ছাড় দেওয়া হয় তার দাবি এদিন মহকুমা প্রশাসনের কাছে জানানো হয়েছে। মহকুমা প্রশাসনের এক আধিকারিক বলেন, রামকৃষ্ণ সেতু সংক্রান্ত দাবি ঊর্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে। • আরামবাগের রামকৃষ্ণ সেতু। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ