সংবাদদাতা, উলুবেড়িয়া: গত বছরের বন্যায় উদয়নারায়ণপুরের ডিহিভুরশুট জিরো পয়েন্টে এলাকায় দামোদর নদীর বাঁধ ভেঙে বন্যার কবলে পড়েছিল উদয়নারায়ণপুর ও আমতা। পরে ওই এলাকায় বাঁধ সংস্কারের কাজ শুরু করে সেচদপ্তর। বর্তমানে জোরকদমে বাঁধ সংস্কার চলছে। সেচদপ্তর সূত্রে খবর, এই মুহূর্তে নদী বাঁধ সংস্কারের যে কাজ চলছে, তাতে ডিভিসি ১ লক্ষ কিউসেক জল ছাড়লেও উদয়নারায়ণপুরের কোনও সমস্যা হবে না। কিছুদিন পর বাঁধ সংস্কারের কাজ আরও এগলে ডিভিসি ১ লক্ষ কিউসেকের বেশি জল ছাড়লেও সমস্যা কিছু হবে না।
গত বছর বন্যায় ডিহিভুরশুটের জিরো পয়েন্টে নদী বাঁধ ভাঙনের পরেই বাঁধ সংস্কারের কাজ শুরু করেছিল সেচদপ্তর। তবে অভিযোগ উঠেছিল যে, সেই কাজ ঢিমেতালে চলছে। এরপর মাসখানেক আগে সেচদপ্তরের সচিব এলাকা পরিদর্শন করে বাঁধ সংস্কারের কাজ দ্রুত করার নির্দেশ দেন। এরপরেই সেচদপ্তর কাজে জোর দেয়। সেচদপ্তর সূত্রে খবর, ঝাড়খণ্ড, পুরুলিয়া, বাঁকুড়ায় বৃষ্টি এবং ডিভিসির ছাড়া জলের ফলে দামোদর নদীতে সবসময়ই জলস্তর বেশি ছিল। ফলে বাঁধ সংস্কারের কাজে একটু সমস্যা হচ্ছিল। সেচদপ্তরের এক কর্তা জানান, এই মুহূর্তে নদীর দিকে ‘গ্রাউন্ড লেভেল’-এর কাজ শেষ। উপরের দিকের কাজ চলছে। ফলে ডিভিসি ১ লক্ষ কিউসেক জল ছাড়লেও কোনও সমস্যা হবে না। ডিভিসি এখন যে পরিমাণ জল ছাড়ছে, তাতে এই মুহূর্তে উদয়নারায়ণপুরে বন্যার কোনও আশঙ্কা নেই। নিজস্ব চিত্র