নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: একদিকে গভীর নিম্নচাপ, অন্যদিকে অমাবস্যার কোটালের জল বাড়তেই উত্তাল হয়ে উঠল নদী ও সমুদ্র। বৃহস্পতিবার ঢেউয়ের তাণ্ডবে বেশ কয়েকটি নদীবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাথরপ্রতিমার জি-প্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুরে প্রায় ১২০০ মিটার নদীবাঁধ ভেঙে গিয়েছে। নোনা জল ঢুকে প্লাবিত হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। প্রায় ৬০টি পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। পাথরপ্রতিমার বিধায়ক সমীরকুমার জানা বলেন, ‘ ত্রাণ পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ওই নদীবাঁধের কাজ শুরু করা হবে।’
নামখানার মৌসুনি দ্বীপের বালিয়াড়া এলাকায় প্রায় ২০০ মিটার নদীবাঁধে ধস নেমেছে। মৌসুনির সল্টঘেরি এলাকায় বাঁধ উপচে গ্রামে জল ঢুকছে।
সকালে এলাকা পরিদর্শনে যান মথুরাপুরের সাংসদ বাপি হালদার। সাগরের বেহাল নদীবাঁধগুলি ঘুরে দেখেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।
কলকাতার আশপাশের জেলায় এদিন কম-বেশি বৃষ্টি হলেও ভারী বৃষ্টিপাত হয়নি। যদিও বারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে। কল্যাণী এক্সপ্রেসওয়ের দু’পাশে বেশ কিছু এলাকায় জল দাঁড়িয়ে যায়। জল দাঁড়িয়ে যায় বারাকপুর পুরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের কিছু অংশ ও বারাকপুর বারাসত রোডে। ভাটপাড়া পুরসভার কয়েকটি জায়গায় জল দাঁড়িয়ে যায়। বারাকপুর স্টেশন চত্বর ও শহরের লাইফ লাইন বলে পরিচিত এস এন ব্যানার্জি রোড জলমগ্ন হয়ে পড়ে।
বনগাঁয় সকাল থেকে আকাশের মুখ ভার ছিল। রোদের দেখা মেলেনি। মাঝে মাঝেই ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। তবে, আশঙ্কা থাকলেও ভারী বৃষ্টি হয়নি বারুইপুর, জয়নগর, কুলতলি ও রায়দিঘিতে। তবে রায়দিঘির সিংহেরঘেরি কুমড়োপাড়া এলাকায় নদীবাঁধে সামান্য ফাটল দেখা দিয়েছে। সেচদপ্তর দ্রুত তা মেরামত করছে। বর্ষণের জেরে মহেশতলা পুরসভার একাধিক ওয়ার্ডে জল জমেছে। বিশেষ করে যেখানে নিকাশি সংস্কার হয়নি। সেখানে জল জমেছে। কোথাও কোথাও ঘরে জল ঢুকে গিয়েছে। নিকাশি ব্যবস্থা বেহাল থাকায় কুলপি ব্লকের ঢোলাহাটে বাইক দিয়ে রাস্তা ঘিরে অবরোধ করেন স্থানীয়রা। বুধবার গভীর রাতে ওই এলাকায় দফায় দফায় বৃষ্টি হয়। যার জেরে রাস্তায় জল জমে যায়। ক্ষোভে এলাকাবাসী রাস্তা অবরোধ করেন। পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টির জেরে হাওড়া শহরের শিবপুর, ইছাপুর, পঞ্চাননতলা, রামরাজাতলার কিছু অংশে জল জমে। দক্ষিণ হাওড়ার বি গার্ডেন সংলগ্ন এলাকাতেও জল জমার ছবি লক্ষ করা গিয়েছে। বৃষ্টির আশঙ্কায় ঘুম উড়েছে উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভার বেলাড়ি গ্রাম পঞ্চায়েতের পূর্ব বাসুদেবপুর এবং উলুবেড়িয়া পুরসভার ২৪ নং ওয়ার্ডের জগদীশপুরে। কারণ দু’টি জায়গাতেই ব্যাপক ভাঙন দেখা দিয়েছে নদীবাঁধে। সেচদপ্তরের আশ্বাস, আতঙ্কের কারণ নেই।