সংবাদদাতা, ময়নাগুড়ি: শনি পুজোর চাঁদা ৫০ হাজার। চাঁদা না দেওয়ায় এক পরিবারের উপর হামলার অভিযোগ উঠল স্থানীয় এক ক্লাবের বেশ কিছু সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের বড় কামাত এলাকায়। ক্লাব সদস্যদের মারধরে জলপাইগুড়ি হাসপতালে চিকিৎসাধীন রয়েছে এক ব্যক্তি। অপর দিকে ওই ব্যক্তির ছেলে শ্রীকান্ত রায়ের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পাশাপাশি, ক্লাব সদস্যদের মারধরে আহত হয়েছে ৮০ বছরের বৃদ্ধা-সহ এক মহিলা।
অভিযোগ, ময়নাগুড়ির বড় কামাত এলাকার স্থানীয় কিছু যুবক শুক্রবার সকালে মন্টু রায়ের বাড়িতে আসেন। তারা জানান, শনি পুজো উপলক্ষে তাদের ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে। পেশায় দিনমজুর এই পরিবারের পক্ষে এই টাকা দেওয়া অসম্ভব বলে তারা জানায়। ক্ষিপ্ত হয়ে সেই যুবকরা তাদের বাড়ি থেকে চলে আসে। অভিযোগ শুক্রবার রাতে, শ্রীকান্ত রায়ের দিদা ৮০ বছর বয়সি অঙ্গ বালা রায় ও বাড়ির এক সদস্য যখন জন্মাষ্টমীর অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন সেই সময় ওই বৃদ্ধার গলা চেপে ধরে বেশ কিছু যুবক বলে অভিযোগ। বৃদ্ধার চিৎকার শুনে তার পরিবারের লোকজন ছুটে আসে ঘটনাস্থলে। অভিযোগ তাদের এলপাথারি মারধর করা হয়। কিছু সময় পর অভিযুক্তরা তাদের বাড়ি ঘেরাও করে। চলে বেঁধড়ক মারধর। শুক্রবার ও শনিবার থেকে আহতরা হাসপাতালে ছিলেন। রবিবার দুপুরে তাঁরা ময়নাগুড়ি থানার দ্বারস্থ হয়েছেন।