ওয়াশিংটন: ফের অতিরিক্ত শুল্কের জুজু দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এবার তাঁর রোষে ব্রিকস। এই গোষ্ঠীর সদস্য দেশগুলির উপরে ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক বসানোর হুমকি দিয়েছেন তিনি। বলেছেন, ব্রিকস-এর ‘মার্কিন বিরোধী নীতি’কে যে সমস্ত দেশ সমর্থন করবে, তাদের উপরে চাপানো হবে এই অতিরিক্ত কর। এক্ষেত্রে কোনও ব্যতিক্রম হবে না। রবিবার থেকে রিও ডি জেনেইরোতে শুরু হয়েছে ব্রিকস শীর্ষ সম্মেলন। তাতে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন সদস্য দেশের রাষ্ট্রপ্রধান। যৌথ বিবৃতিতে পহেলগাঁও হামলা ও ‘ভবিষ্যৎ না ভেবে দেওয়া’ ট্রাম্পের পাল্টা শুল্ক নীতির কড়া সমালোচনা করা হয়। নিন্দা করা হয়েছে ইরানে ইজরায়েল-আমেরিকার যৌথ হামলারও।
ভারতীয় সময় সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ট্রাম্প। তিনি লিখেছেন, ‘কোনও দেশ ব্রিকসের আমেরিকা বিরোধী নীতির সঙ্গে নিজেদেরকে যুক্ত করলে, তাদের উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই নীতির কোনও ব্যতিক্রম হবে না। এই বিষয়ে মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ!’ যদিও ‘আমেরিকা বিরোধী নীতি’ বলতে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা খোলসা করেননি মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্পের এই শুল্ক হুমকির তীব্র নিন্দা করেছে বেজিং। সেদেশের বিদেশ মুখপাত্র মুখপাত্র মাও নিং এক সাংবাদিক বৈঠকে বলেন, ‘আন্তর্জাতিক ক্ষেত্রে ব্রিকস একটি ইতিবাচক শক্তি। কোনও নির্দিষ্ট দেশকে আক্রমণ করা এর লক্ষ্য নয়। আমরা বরাবরই শুল্ক যুদ্ধ এবং বাণিজ্য যুদ্ধের বিরোধী। আমরা জোরজবরদস্তি এবং চাপের হাতিয়ার হিসেবে শুল্ক ব্যবহারের বিরুদ্ধে।’ ইচ্ছেমতো শুল্ক চাপানো হলে কোনও পক্ষের লাভ হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।