Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দেড় মাসের মধ্যে পদ থেকে অপসারিত শঙ্কর

দেড় মাসের মধ্যে পদ থেকে অপসারিত শঙ্কর
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: মাত্র দেড় মাসের মধ্যে পদ হারালেন ঘাটালের প্রাক্তন বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য শঙ্কর দোলই। গতবছর ১৪ নভেম্বর তিনি রাজ্যের গো-সম্পদ বিকাশ সংস্থার সদস্য হিসেবে মনোনীত হয়েছিলেন। সেই পদ থেকে তাঁকে সরিয়ে সম্প্রতি দাসপুরের বিধায়ক মমতা ভুঁইয়াকে বসানো হল। এনিয়ে দলের অন্দরে ব্যাপক চর্চা শুরু হয়েছে। এব্যাপারে শঙ্করবাবু বলেন, বিষয়টি জেনেছি। এনিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না। আমি একজন দলের অনুগত সৈনিক। দলের সমস্ত নির্দেশই মাথা পেতে নেব।
Advertisement
দলের জেলা নেতারা জানিয়েছেন, ঘাটালের সাংসদ দীপক অধিকারীকে(দেব) ধারাবাহিকভাবে অসহযোগিতা করার জন্যই তাঁকে এই ‘শাস্তি’ পেতে হল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময়েও শঙ্করবাবুর বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ উঠেছিল। দেব নিজ হাতে ঘাটাল উৎসব ও শিশু মেলা পরিচালনা করার ইচ্ছে প্রকাশ করেছিলেন। দেবের উপস্থিতিতেই ব্যাপক গণ্ডগোল হয়। শঙ্করবাবুর মদতেই সেই গণ্ডগোল হয়েছিল বলে দলের একাংশের অভিযোগ। তৃণমূলের জেলা কমিটির এক নেতা বলেন, ঘাটাল উৎসব ও শিশুমেলার প্রস্তুতি মিটিংয়ে দেবকে অপদস্থ করার বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে পর্যন্ত যায়। এনিয়ে নেত্রী শঙ্করবাবুর উপর খুবই রুষ্ট বলে জানা গিয়েছে। তারই প্রতিফলন হিসেবে শঙ্করবাবুর ‘ডানা’ ছাঁটা শুরু করা হয়েছে বলে দলের নেতাদের অভিমত।
সম্পর্কিত সংবাদ