Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দেড় বছর ধরে বন্ধ পার্টি অফিস খোলাকে কেন্দ্র করে ঘাসফুলে কোন্দল, উত্তেজনা

দেড় বছর ধরে বন্ধ পার্টি অফিস খোলাকে কেন্দ্র করে ঘাসফুলে কোন্দল, উত্তেজনা
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কাটোয়া: শুক্রবার রাতে আউশগ্রামের পুবার গ্রামে তৃণমূলের পার্টি অফিস খোলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। দফায় দফায় চলে সেই উত্তেজনা। দেড় বছর ধরে সেখানে পার্টি অফিস বন্ধ ছিল। সেটা খুলতেই উত্তেজনা শুরু হয়। সেখানে আইসি গেলে তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মীরা। ফের শাসকদলের কোন্দল প্রকাশ্যে এসে পড়েছে। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আউশগ্রাম বিধানসভার পুবার গ্রামে একটি পার্টি অফিস রয়েছে। আগে ওই পার্টি অফিসে বসতেন তৃণমূল কর্মীরা। পরে দলীয় কোন্দলের জেরে তালা বন্ধ হয়ে যায় সেই অফিস। এদিন আউশগ্রাম ২ ব্লক তৃণমূলের প্রাক্তন কার্যকরী সভাপতি অরূপ মির্দার বেশকিছু অনুগামী পার্টি অফিসের তালা ভেঙে কার্যালয়ে ঢোকেন। তাঁরা দলের কাজকর্ম এখান থেকে পরিচালনার কথা ঘোষণা করেন। যদিও সে সময় দলের অপর গোষ্ঠীর লোকজন পুলিসকে জানান।  এরপর আউশগ্রাম থানার আইসি আব্দুল রব খান বিশাল পুলিস বাহিনী নিয়ে অকুস্থলে আসেন। আইসি নির্দেশ দেন এলাকায় পার্টি অফিস যে অবস্থায় ছিল, সেই অবস্থায় রাখতে হবে। তখনই উত্তেজিত হয়ে তৃণমূল কর্মীদের সঙ্গে তুমুল বচসা শুরু হয় আইসির। আইসিকে ঘিরে বিক্ষোভ শুরু করেন তৃণমূল কর্মীরা। শুরু হয় ধাক্কাধাক্কিও। অরূপ মির্দা বলেন, পার্টি অফিস দলের। তাই সেখানে কর্মীরা বসতেই পারেন। সেখানে কেউ বাধা দিলে কর্মীরা উত্তেজিত তো হবেই। যদিও আউশগ্রাম -২ ব্লকের তৃণমূলের সভাপতি আব্দুল লালন বলেন, কিছু স্বার্থান্বেষী মানুষ দলের নাম ভাঙিয়ে এলাকা অশান্ত করার চেষ্টা করছেন। আমরা চাই সাধারণ মানুষের স্বার্থে এলাকায় উন্নয়নের পাশাপাশি শান্তি বজায় থাকুক। যাঁরা অশান্তি ছড়াচ্ছেন, পুলিস প্রশাসন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিক।
সকলেই জানেন আব্দুল লালনের সঙ্গে প্রাক্তন ব্লক সভাপতি রামকৃষ্ণ ঘোষ ও অরূপ মির্দার দ্বন্দ্ব অনুব্রত মণ্ডলের জেল যাত্রার পর থেকেই। সেই দ্বন্দ্ব ঘিরে পুলিস প্রশাসনও যথেষ্ট চাপে। সম্প্রতি আউশগ্রামের তিন নেতাকে নিরাপত্তা দেওয়া হয়েছে।  শনিবার রামকৃষ্ণ ঘোষ বলেন, আমরা এখন পার্টি অফিসে যাব না। ওই পার্টি অফিসের চাবি আমাদের কাছেই থাকত। 
পুলিস এলাকায় টহল দিচ্ছে। পাশাপাশি এদিন মঙ্গলকোটেও শাসক দলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বের জেরে অশান্তি ছড়ায়। মঙ্গলকোটে বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরি নিয়ে মাটি খোঁড়াকে কেন্দ্র করে অশান্তি ছড়ায়। যদিও পুলিসের তৎপরতায় অশান্তি বেশিদূর গড়ায়নি। মঙ্গলকোটেও শঙ্কায় রয়েছে পুলিস প্রশাসন।
সম্পর্কিত সংবাদ